২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড টিকার ভুয়া সনদের অভিযোগ, ব্রেমেন কোচের পদত্যাগ

কোভিড-১৯ টিকা নেওয়ার ভুয়া সনদ দেখানোর অভিযোগে তদন্ত চলছে ভার্ডার ব্রেমেনের প্রধান কোচ মার্কুস আনফাং ও তার সহকারী ফ্লোরিয়ান ইয়োংয়ের বিরুদ্ধে। এর মধ্যেই নিজ নিজ পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন এই দুজন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2021, 08:01 PM

Updated : 07 Apr 2022, 11:54 PM

জার্মানির পাবলিক প্রসিকিউটর গত বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে তদন্তের ঘোষণা দেয়। ৪৭ বছর বয়সী আনফাং অবশ্য শুক্রবার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি কোনো ভুল করেননি এবং অফিসিয়াল টিকা কেন্দ্র থেকেই দুই ডোজ টিকা নিয়েছেন। একটি ফার্মেসিতে তার টিকার সনদ ডিজিটাইজড করেছেন বলে দাবি করেন তিনি।

পরদিনই ক্লাবের দেওয়া বিবৃতিতে কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন এই জার্মান কোচ।

“ক্লাব, দল, আমার পরিবার এবং আমার ওপর চাপের কারণে ভার্ডার ব্রেমেনের প্রধান কোচের দায়িত্ব থেকে অবিলম্বে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি আমি।”

আনফাং ও তার সহকারীর সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নতুন কোচ খোঁজার কথা বিবৃতিতে জানায় চলতি মৌসুমে জার্মানির দ্বিতীয় বিভাগে খেলা ভার্ডার ব্রেমেন।

জার্মান ফুটবলে গত কয়েক মাস ধরেই করোনাভাইরাসের টিকা বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জসুয়া কিমিখ টিকা নিতে অস্বীকৃতি জানিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করে তোলেন। টিকার দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।