২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসে রোমানের স্কোর ৬৬৫

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের রিকার্ভ পুরুষ এককে ব্যক্তিগত সেরা স্কোর ছাপিয়ে যেতে পারেননি রোমান সানা। তবে সবশেষ বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসের চেয়ে উন্নতি করেছেন বাংলাদেশের এই তারকা আর্চার। রিকার্ভ নারী এককে অবশ্য টোকিও অলিম্পিকসের স্কোরকে ছাপিয়ে গেছেন দিয়া সিদ্দিকী।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2021, 08:58 PM

Updated : 10 Oct 2022, 06:23 PM

আর্মি স্টেডিয়ামে রোববার এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপসের ২২তম আসরে রিকার্ভ পুরুষ ও মহিলা এককের কোয়ালিফিকেশন রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। দেশি আর্চারদের মধ্যে সবার ওপরে থাকলেও রুবেল ৬৬৬ স্কোর নিয়ে অষ্টম হয়েছেন। ৬৬৫ স্কোর নিয়ে নবম রোমান। এ ছাড়া স্থানীয়দের মধ্যে রাম কৃষ্ণ সাহা (৬৬৫) দশম এবং আব্দুর রহমান আলিফ (৬৪৯) ১৫তম হয়েছেন।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে হওয়া বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপসে ৬৩৬ স্কোর করেছিলেন রোমান। ওয়ার্ল্ড আর্চারি ফেডারেশনের স্বীকৃত আসরের হিসাবে তার বাছাইয়ের সেরা স্কোর ৬৮১। ২০১৯ সালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়ান কাপে (লেগ-১) গড়েছিলেন তিনি।

কাঠমান্ডু-পোখারার গত এসএ গেমসে হ্যাটট্রিক সোনা জয়ের পথে রিকার্ভ পুরুষ এককের কোয়ালিফিকেশন রাউন্ডে ৬৮৬ স্কোর গড়েন রোমান। সব প্রতিযোগিতা মিলিয়ে বাছাইয়ে এটাই তার সেরা স্কোর।

রোমান-রুবেলের ইভেন্টের বাছাইয়ে দক্ষিণ কোরিয়া লি সিউংয়ুন ৬৮০ স্কোর করে বাছাইয়ে সেরা হয়েছেন।

রিকার্ভ নারী এককে বাংলাদেশের দিয়া ৬৩৭ স্কোর করে ১২তম হয়েছেন; এই আর্চার ছাপিয়ে গেছেন গত টোকিও অলিম্পিকসে গড়া ৬৩৫ স্কোরকে। এ ছাড়া স্থানীয়দের মধ্যে নাসরিন আক্তার (৬২৯) ১৫তম, বিউটি রায় (৬২১) ১৭তম এবং শ্রাবনী আক্তার (৫৯৯) ২৩তম হয়েছেন। বাছাইয়ে দক্ষিণ কোরিয়ার রিউ সু জং ৬৮৭ স্কোর গড়ে সেরা হয়েছেন।

কম্পাউন্ড পুরুষ এককের বাছাইয়ে বাংলাদেশের নেওয়াজ আহমেদ রাকিব ৭০০ স্কোর করে নবম, মোহাম্মদ আশিকুজ্জামান (৬৯৯) ১১তম, সোহেল রানা (৬৯৮) ১৪তম এবং অসীম কুমার দাস (৬৯০) ২১তম হয়েছেন। কোরিয়ার চৈ ইয়ং হি বাছাইয়ে সেরা হয়েছেন ৭১৬ স্কোর করে।

কম্পাউন্ড নারী এককে বাংলাদেশের শ্যামলী রায় ৬৭২ স্কোর করে ১৪তম, সোমা বিশ্বাস (৬৬২) ১৯তম ও বন্যা আক্তার (৬৫৩) ২৩তম হয়েছেন। এ ইভেন্টেও সেরা যথারীতি দক্ষিণ কোরিয়ার আর্চার। কিম ইয়ুন হি ৭০৮ স্কোর করে সেরা হয়েছেন।