ভারত কোচের কথায় কান দিচ্ছেন না জামাল
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের পাওয়া পেনাল্টি ‘হাস্যকর’ ছিল, ভারতের কোচ ইগর ইস্তিমাচ নাকি বলেছেন এমন কথা। জামাল ভূইয়া অবশ্য ওসব কথায় কান দিচ্ছেন না মোটেও। বরং ভারতের বিপক্ষে দারুণ কিছু করে সাফ চ্যাম্পিয়নশিপে ধারাবাহিকতা ধরে রাখার ভাবনা বাংলাদেশ অধিনায়কের।
মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল। শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের ত্রয়োদশ আসরে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। প্রতিযোগিতার রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন ভারতের এটি হবে প্রথম ম্যাচ।
ফিফা র্যাঙ্কিং, শক্তি-সামর্থ্য, ইতিহাস-পরিসংখ্যান সবখানেই এগিয়ে ভারত। তবে ২০২২ বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে কলকাতার সল্টলেকে ইস্তিমাচের দলকে কোণঠাসা করে রেখেছিল বাংলাদেশ। সাদউদ্দিনের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর শেষ দিকে গোল হজম করায় ম্যাচটি হয়েছিল ড্র।
ইস্তিমাচের কথায় কান না দিয়ে পুরনো সেই স্মৃতি ফিরিয়ে আনার দিকেই মনোযোগ জামালের। ম্যাচের আগের দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় এই মিডফিল্ডারও দিলেন ব্যক্তিগতভাবে আলো ছড়ানোর প্রতিশ্রুতি।
“তিনি (ইস্তিমাচ) ভারত নিয়ে বলতে পারেন, বাংলাদেশ নিয়ে বলতে পারেন….কিন্তু আমরা তার কথায় কান দিচ্ছি না। আমরা জানি এটা মাইন্ড গেমস। তাই তিনি যাই বলুন না কেন, আমরা কানে তুলছি না। আমাদের এক দল ভালো খেলোয়াড় আছে এবং আমরা জানি কোচ আমাদের কাছে কী চান। কোচ যেটা বলেছেন, সেটা যদি নিখুঁতভাবে করতে পারি, আমার বিশ্বাস আগামীকাল দারুণ একটা লড়াই হবে এবং আমরা দারুণ কিছু একটা করব।”
“এটা নতুন ম্যাচ। নতুন চ্যালেঞ্জ। যখনই আপনি প্রতিপক্ষের বিপক্ষে খেলবেন, আপনিও চাইবেন মাঝমাঠে তাদের হারাতে। দেখাতে চাইবেন প্রতিপক্ষের চেয়ে আপনি ভালো। আমাদেরও একই চেষ্টা থাকবে আগামীকাল। আমিও দেখাতে চাইব যাদের বিপক্ষে খেলছি, তাদের চেয়ে আমি ভালো। এটাকে চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এবং আমি বিশ্বাস করি, যার বিপক্ষে খেলব, তাকে পরাস্ত করতে পারব। এজন্য শতভাগ দেব আমি।
