২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমবাপেকে নিয়ে রিয়ালের প্রস্তাব ফিরিয়ে দিল পিএসজি

কিয়িলান এমবাপেকে পেতে যথেষ্ট দাম বলেনি রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ দলটির দেওয়া প্রস্তাব তাই ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পিএসজি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 10:52 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

স্পেন ও ফ্রান্সের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে মঙ্গলবার খবর বের হয়, ২২ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডকে পেতে ১৬ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল। পরের দিন পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো জানিয়েছেন, ‘এই অঙ্ক যথেষ্ট নয়।’

ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টকে দেয়া এক সাক্ষাৎকারে লিওনার্দো বলেন, রিয়ালের সঙ্গে এমবাপের ব্যাপারটা নিয়ে তিনি আলোচনায় আগ্রহী নন, তবে এমবাপে যেতে চাইলে তা হতে হবে পিএসজির শর্ত মেনেই।

“এমবাপে ক্লাব ছাড়তে চায়, এটা আমার কাছে স্পষ্ট মনে হচ্ছে। রিয়াল মাদ্রিদ একটা প্রস্তাব দিয়েছে… আমি আমাদের অবস্থান জানিয়েছি, আমি মনে করি সবার কাছে এটা পরিষ্কার।”

“দলবদলের শেষ সপ্তাহে আমরা আমাদের পরিকল্পনা পরিবর্তন করতে পারি না। যদি সে যাওয়ার ব্যাপারে মনস্থির করে, আমরা তাকে আটকে রাখব না, তবে এটি হবে আমাদের শর্তে।”

এমবাপেকে দলে টানতে স্পেনের সফলতম দলটি চেষ্টা চালিয়ে যাচ্ছে গত দুই বছর ধরে। গুঞ্জন রয়েছে, মাদ্রিদের দলটিতে যোগ দিতেই চুক্তি নবায়ন করেননি ফ্রান্সের হয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এই তারকা।

রিয়ালের ১৬ কোটি ইউরো প্রস্তাবের অঙ্কটা নিশ্চিত করেননি লিওনার্দো, ইঙ্গিতে বুঝিয়েছেন অঙ্কটা এর আশেপাশেই হবে। তবে তাদের চাওয়া থেকে যে অঙ্কটা অনেক কম তাও পরিষ্কার করেন তিনি।

“বর্তমানে এমবাপের যে দাম তা থেকে প্রস্তাবটা অনেক দূরে বলে আমরা বিবেচনা করি।”

২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে যোগ দেন এমবাপে। পরের বছর ১৮ কোটি ইউরোয় স্থায়ী চুক্তি করেন তিনি। আগামী জুনে শেষ হবে বর্তমান চুক্তির মেয়াদ।