২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘মরিয়া বেঙ্গালুরুকে’ হারাতে আত্মবিশ্বাসী কিংস

জয়ে শুরুর আত্মবিশ্বাস সঙ্গী বসুন্ধরা কিংসের। আরেকটি জয় পেলে নকআউট পর্বের পথে এগিয়ে যাওয়া হবে অনেকটা। অন্যদিকে হার দিয়ে এএফসি কাপ শুরু করা বেঙ্গালুরু এফসি মরিয়া ঘুরে দাঁড়াতে। তবে তাদের কোনো সুযোগ দিতে নারাজ অস্কার ব্রুসন। পরিকল্পনা অনুযায়ী খেলে টানা দ্বিতীয় জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিংস কোচ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2021, 08:57 PM

Updated : 10 Oct 2022, 06:12 PM

মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে আগামী শনিবার বাংলাদেশ সময় বিকাল ৫টায় মুখোমুখি হবে দুই দল। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের বিপক্ষে ২-০ গোলে জিতে ‘ডি’ গ্রুপে যাত্রা শুরু করেছে কিংস। নিজ দেশের দল মোহন বাগানের কাছে একই ব্যবধানে হেরে যায় বেঙ্গালুরু এফসি।

এএফসি কাপে এ নিয়ে দ্বিতীয়বারের মতো খেলছে কিংস। করোনাভাইরাসের থাবায় বাতিল হয়ে যাওয়া গতবারের আসরে একটি মাত্র ম্যাচই খেলতে পেরেছিল তারা। টিসি স্পোর্টসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুসনের দল।

এএফসি কাপে দ্বিতীয়বারের যাত্রায় এই প্রথম বেঙ্গালুরু এফসির বিপক্ষে খেলবে কিংস। প্লে-অফের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া ভারতের দলটির শুরুটা হয়েছে হার দিয়ে। ব্রুসন বুঝতে পারছেন বেঙ্গালুরুর মরিয়া ভাবটা। বিশেষ করে ভারতের হয়ে সর্বোচ্চ গোল করা সুনিল ছেত্রির মতো তারকা ফরোয়ার্ড প্রতিপক্ষের আক্রমণভাগে থাকায় কিংস কোচ আরও বেশি সতর্ক।

“আমরা অনুভব করতে পারছি যে, বেঙ্গালুরু আগামীকাল আমাদের কৌশলের পাল্টা জবাব দিতে অনেক উঁচুতে ডিফেন্স লাইন নিয়ে চাপ দিবে; উন্মুক্ত ম্যাচ খেলবে। আমরা কীভাবে শুরু করব, সেটা বিষয় নয়, কিন্তু আমরা জানি, এটা খুবই দীর্ঘ ৯০ মিনিটের ম্যাচ হবে। জিততে হলে আমাদের নিজেদের আবেগ নিয়ন্ত্রণ করতে হবে; প্রতিপক্ষকে ভুল করার জন্য হতাশ করতে হবে।”

“বেঙ্গালুরুকে ছোট করে দেখা উচিত হবে না। তারা খুবই বিপজ্জনক-বিশেষ করে সুনিল ছেত্রি, ক্লেইতন সিলভা, সুরেশ সিংয়ের মতো ফরোয়ার্ড এবং দুই জন শক্তিশালী সেন্টর-ব্যাক আছে। তবে, পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে আমি মনে করি না তারা শতভাগ ঠিক আছে এবং তাদের মাঝমাঠের অনিশ্চয়তাটুকুর কারণে তারা মোহন বাগানের কাছে হেরেছিল।”

মালদ্বীপের কন্ডিশনও বাংলাদেশের মতোই। প্রথম ম্যাচে দলের তারকা ফরোয়ার্ড রবসন দি সিলভা রবিনিয়ো গোল পেয়েছেন। রক্ষণভাগের দৃঢ়তায় ‘ক্লিনশিট’ নিয়ে মাঠ ছাড়ার তৃপ্তিও সঙ্গী। ব্রুসন তাই আরও বেশি আশাবাদী।

“এ বছর আমরা মানসম্পন্ন দলের সঙ্গে কঠিন গ্রুপ পড়েছি এবং এটা চ্যালেঞ্জিং হবে। গ্রুপের সব দলকেই আমরা শ্রদ্ধা করি এবং আমরা বুঝতে পারছি, বেঙ্গালুরুর জয় প্রয়োজন। আমরা আমাদের দৃঢ়তা ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি, আমাদের পরিকল্পনা আমাদের পক্ষে কাজ করবে।”

চার ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগ শিরোপা জিতে মালদ্বীপে নোঙর ফেলেছে কিংস। লিগে ২১ ম্যাচে ৫৫ গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৯টি। কাজী তারিক রায়হান, তপু বর্মনে সাজানো রক্ষণভাগের ‍শক্তি-সামর্থ্য নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই বেঙ্গালুরুর জার্মান কোচ মার্কো পেস্সাইউলির।

“সম্ভবত আমাদের আরও ভালো খেলা প্রয়োজন, যেভাবে গত দুই ম্যাচ খেলেছি, বল দখলে অনেক এগিয়ে থাকলেও অল্প সুযোগ তৈরি করেছি….এই কৌশলও বদল হতে পারে। এগুলো গুরুত্বপূর্ণ; কেননা, আমরা মুখোমুখি হব বাংলাদেশের ভয়ঙ্কর একটি দলের বিপক্ষে; যারা লিগে ৫৫ গোল দিয়েছে এবং খেয়েছে মাত্র ৯টি।”

“বসুন্ধরা তাদের প্রথম ম্যাচ জিতেছে ২-০ গোলে এবং তাদের শক্তিশালী একটা রক্ষণভাগ আছে; বিশেষ করে বাঁকবদলের সময় তারা ভয়ঙ্কর হতে পারে। তারা খুবই গোছাল দল এবং তাদেরকে গোল করার জায়গা দিলে আমরা যেটা পুষিয়ে নিতে পারব না।”