২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশকে উড়িয়ে মোহামেডানকে পেছনে ফেললো চট্ট. আবাহনী

প্রথম মিনিটেই মিলল পেনাল্টি; গোলও। বাকিটা সময়ও পুলিশ এফসির উপর ছড়ি ঘোরাল চট্টগ্রাম আবাহনী। বড় জয় তুলে নিয়ে মোহামেডানকে পেছনে ফেলে প্রিমিয়ার লিগ টেবিলে সেরা চারে উঠে এলো তারা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 08:27 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার পুলিশ এফসিকে ৪-১ গোলে হারায় চট্টগ্রাম আবাহনী। প্রথম লেগে দুই দলের ম্যাচটি হয়েছিল ৩-৩ ড্র। সেবার তিন গোল হজম করে তিনটিই শোধ করেছিল পুলিশ এফসি। এবার পাকির আলির দল পারেনি ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে।

২০ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছে চট্টগ্রাম আবাহনী। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়ে চতুর্থ স্থানে উঠে আসা মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩৬ পয়েন্ট নিয়ে নেমে গেছে পঞ্চম স্থানে।

পুলিশের বিপক্ষে চট্টগ্রাম আবাহনীর শুরুই হয়েছিল দাপুটে জয়ের ইঙ্গিত দিয়ে। কিক অফের পরপরই প্রথম আক্রমণ থেকে পেনাল্টি পেয়ে যায় দলটি। গোলরক্ষক আরিফুজ্জামান হিমেলকে বিপরীত দিকে ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করেন নিক্সন গুইলের্মে। বক্সে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে পেছন থেকে ফাউল করেছিলেন পুলিশ এফসির নোমান আহমেদ রুবেল।

দশম মিনিটে চিনেডু ম্যাথিউয়ের ক্রসে কোত দি ভোয়ার ফরোয়ার্ড চার্লস দিদিয়েরের হেডে ব্যবধান হয় দ্বিগুণ।

৪৫তম মিনিটে রাকিব হোসেনের একক প্রচেষ্টার গোলে ব্যবধান আরও বাড়িয়ে নেয় চট্টগ্রাম আবাহনী। গোল কিকের পর নিজেদের অর্ধে বল পান রাকিব। বৃষ্টিভেজা ভারি মাঠে বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠেন। গায়ের সঙ্গে সেঁটে থাকা ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে জাল খুঁজে নেন জাতীয় দলের এই ফরোয়ার্ড।

প্রথমার্ধের যোগ করা সময়ে ক্রিস্তিয়ান কোয়াকোর পেনাল্টি শট ক্রসবার কাঁপালে ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ নষ্ট হয় পুলিশ এফসির। বক্সে কোত দি ভোয়ার এই ফরোয়ার্ডই হয়েছিলেন ফাউলের শিকার।

দ্বিতীয়ার্ধে একটির বদলে তিনটি গোল অন্তত পেতে পারত চট্টগ্রাম আবাহনী। তৃতীয় মিনিটে রাকিবের ডান পায়ের বাঁকানো শট ক্রসবারে লেগে প্রতিহত হয়। ৭২তম মিনিটে ম্যাথিউয়ের শটও ফিরিয়ে দেয় ক্রসবার।

৭৩তম মিনিটে কোয়াকো আরেকটি পেনাল্টি মিস করেন; পুলিশ এফসির এই ফরোয়ার্ডের শট ফেরান গোলরক্ষক মোহাম্মদ নাঈম।

লান্সিং তোরের হেড ক্রসবারে লাগার পর ৭৯তম মিনিটে মোহাম্মদ স্বাধীনের গোলে কিছুটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয় পুলিশ এফসি। কিন্তু পরে আর পেরে ওঠেনি তারা। 

দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে চট্টগ্রাম আবাহনীর লিগের একাদশ জয় নিশ্চিত করে দেয় ম্যাথিউয়ের গোল।

চলতি লিগে এটি পুলিশ এফসির অষ্টম হার। ম্যাচের সমান ১৯ পয়েন্ট নিয়ে দলটি আছে অষ্টম স্থানে।