২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইপিএলের মৌসুম সেরা দিয়াস

ইংলিশ প্রিমিয়ার লিগে মৌসুমের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার রুবেন দিয়াস। দ্বিতীয় পর্তুগিজ হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2021, 06:36 PM

Updated : 02 Aug 2022, 05:54 PM

নিজেদের ওয়েবসাইটে শনিবার ২০২০-২১ আসরের সেরা খেলোয়াড় হিসেবে ২৪ বছর বয়সী এই সেন্টার ব্যাকের নাম ঘোষণা করে প্রিমিয়ার লিগ।

গত মাসে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও ইংল্যান্ডের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন দিয়াস। ইংল্যান্ডের শীর্ষ লিগে অভিষেক আসরেই সেরার পুরস্কার জিতলেন তিনি। গত বছর বেনফিকা থেকে তাকে দলে টেনেছিল সিটি।

গত চার বছরে সিটির তৃতীয় প্রিমিয়ার লিগ জয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দিয়াস। এ ছাড়া দলটির লিগ কাপ জয় ও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠায় তার ছিল বড় অবদান।

ম্যানচেস্টার ইউনাইটেডের নেমানিয়া ভিদিচ, সিটির সাবেক অধিনায়ক ভিনসেন্ট কোম্পানি ও লিভারপুলের ভার্জিল ফন ডাইকের পর চতুর্থ ডিফেন্ডার হিসেবে মৌসুম সেরার পুরস্কার জিতলেন তিনি।

মৌসুম সেরা নির্বাচনে ভোট দেন সমর্থক, প্রিমিয়ার লিগের ২০ দলের অধিনায়ক এবং ফুটবল বিশেষজ্ঞদের একটি প্যানেল।

দিয়াসের প্রতিদ্বন্দ্বী ছিলেন তার সতীর্থ মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে, ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার ব্রুনো ফের্নান্দেস, অ্যাস্টন ভিলা মিডফিল্ডার জ্যাক গ্রিলিশ, টটেনহ্যাম হটস্পার ফরোয়ার্ড হ্যারি কেইন, চেলসি মিডফিল্ডার ম্যাসন মাউন্ট, লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ ও অ্যাস্টন ভিলা মিডফিল্ডার তমাস সুচেক।

দিয়াসের জাতীয় দলের সতীর্থ ক্রিস্তিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে এই পুরস্কার জেতেন দুইবার, ২০০৬-০৭ ও ২০০৭-০৮ মৌসুমে।