বার্সেলোনায় টিকে গেলেন কুমান
বার্সেলোনার কোচ নিয়ে জল্পনা-কল্পনার অবসান ঘটালেন হুয়ান লাপোর্তা। কাতালান ক্লাবটির সভাপতি জানালেন, পরের মৌসুমে কাম্প নউয়ে কোচ হিসেবে থাকছেন রোনাল্ড কুমান।
এক যুগের মধ্যে বার্সেলোনা গতবার প্রথম শিরোপাশূন্য মৌসুম কাটানোর পর এই মৌসুমের শুরুতে কুমানকে দায়িত্ব দিয়েছিলেন তখনবার ক্লাব সভাপতি জোজেপ মারিয়া বার্তোমেউ। এবার তারা কোপা দেল রের শিরোপা জিতলেও অন্য দুই প্রতিযোগিতায় ভালো করতে পারেনি। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর লা লিগায় কোনোমতে তৃতীয় হয় কাতালান দলটি।
লা লিগার শেষটা ক্লাবটির জন্য ছিল ভীষণ হতাশাজনক। মৌসুমের শেষ দিকে এসে দলটির বাজে পারফরম্যান্সে চাকরি হারানোর শঙ্কায় পড়েন কুমান। তার ভবিষ্যৎ নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যমে চাউর হয় নানা খবর।
গত মাসে লাপোর্তা বলেন, বার্সেলোনায় একটি চক্র শেষ হয়েছে। সে সময় কোচকে প্রকাশ্যে সমর্থন করেননি তিনি এবং জানান, মৌসুমে দলের পারফরম্যান্স বিশ্লেষণ করতে ক্লাবের আরও সময় প্রয়োজন।
পরে কুমানের সঙ্গে একটি মিটিংও করেন কুমান। বহুল প্রতীক্ষিত সেই মিটিংয়ের স্থায়ীত্ব ছিল আধ ঘণ্টারও কম। কোচের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কোনো বার্তা না এলেও তার থেকে যাওয়ার সম্ভাবনা নিয়েই আলোচনা হয় স্প্যানিশ গণমাধ্যমে।
এর মধ্যে তিনজন খেলোয়াড়কে দলে এনেছে বার্সেলোনা। পরের মৌসুমের জন্য দলের শক্তি বাড়ানোর কাজ শুরু করেছে লা লিগার গত আসরে তৃতীয় হওয়া দলটি। এবার বোর্ড মিটিংয়ের পর এক সংবাদ সম্মেলনে লাপোর্তা জানালেন, পরের মৌসুমে দলের সঙ্গে থাকছেন কুমান।
“গত মৌসুম শেষ হওয়ার পর আমরা যে মূল্যায়নের কথা বলেছিলাম সেটি করার পর চুক্তির শর্ত অনুযায়ী রোনাল্ড কুমানকে কাজ চালিয়ে যেতে অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আলোচনা যেভাবে এগিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। পরস্পরকে জানতে এই সময়টা আমাদের জন্য খুব দরকার ছিল। আমরা নিজেদের মধ্যে খোলামেলা কথা বলেছি।”
