কৃষ্ণার হ্যাটট্রিকে কিংসের বড় জয়
করোনাভাইরাসের কারণে বিরতি পড়লেও ছন্দপতন হয়নি বসুন্ধরা কিংসের মেয়েদের। কৃষ্ণা রানী সরকারের হ্যাটট্রিকে ব্রাহ্মণবাড়িয়া এফসিকে উড়িয়ে দিয়েছে তারা।
কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে শনিবার লিগ ম্যাচে ৬-০ গোলে জিতেছে কিংসের মেয়েরা। দলের জয়ে বাকি দুই গোলদাতা শামসুন্নাহার জুনিয়র (২টি) ও মারিয়া মান্ডা (১টি)।
দিনের অন্য ম্যাচে আতাউর রহমান ভূইয়া কলেজ এসসি ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে কাঁচিঝুলি স্পোর্টিং ক্লাবকে। দলের জয়ে শাজেদা আক্তার রিপা ও আনুচিং মোগিনী হ্যাটট্রিক করেন। এছাড়া আকলিমা খাতুন ২টি, মার্জিয়া, শাজেদা খাতুন ও স্বপ্না রানী একটি করে গোল করেন।
