২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাইন্সে হেরে অপেক্ষা বাড়ল বায়ার্নের

জিতলেই শিরোপা-সাজানো সেই মঞ্চে ছন্দ হারিয়ে ফেলল বায়ার্ন মিউনিখ। মাইন্সের বিপক্ষে প্রথমার্ধেই দুই গোল হজম করে আর ঘুরে দাঁড়াতে পারল না হান্স ফ্লিকের দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2021, 09:26 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

প্রতিপক্ষের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে বুন্ডেসলিগার ম্যাচটি ২-১ গোলে হেরেছে শিরোপাধারীরা। ইয়োনাথান বুর্কহার্টের নৈপুণ্যে মাইন্স এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রবিন কুয়াইসন। শেষ দিকে বায়ার্নের একমাত্র গোলটি করেন রবের্ত লেভানদোবস্কি।

লিগে টানা আট ম্যাচ অপরাজিত থাকার পর হারের তেতো স্বাদ পেল বায়ার্ন।

টানা নবম লিগ শিরোপার হাতছানিতে মাঠে নামা বায়ার্নের শুরুটা হয় যাচ্ছেতাই। তৃতীয় মিনিটেই গোল খেয়ে বসে তারা। সতীর্থের হেডে ডি-বক্সের বাইরে বল পেয়ে জোরালো ভলিতে বল জালে পাঠান বুর্কহার্ট।

দশম মিনিটে আবারও গোল খেতে বসেছিল বায়ার্ন। মাইন্স অধিনায়ক ডানির দুর্বল হেডে বল লেয়ন গোরেটস্কার গায়ে লেগে ভিতরে ঢুকতে যাচ্ছিল, মানুয়েল নয়ার কোনোমতে নিচু হয়ে ঠেকান। তারপরও বিপদ হতে পারত; কিন্তু বল পোস্টে লাগলে বেঁচে যায় তারা। আট মিনিট পর আবারও ভাগ্যের জোরে বাঁচে সফরকারীরা। দা কস্তার ক্রসে বল এক জনের গায়ে লেগে পোস্টে বাধা পায়।

এর মাঝে প্রথমার্ধে উল্লেখযোগ্য একটি সুযোগই পায় বায়ার্ন। কিন্তু চোট কাটিয়ে এক মাস পর ফেরা লেভানদোভস্কি উড়িয়ে মেরে হতাশ করেন।

৩৭তম মিনিটে দ্বিতীয় গোল হজম করে বায়ার্ন। ফিলিপের ক্রসে হেডে গোলটি করেন সুইডেনের ফরোয়ার্ড রবিন কুয়াইসন।

দ্বিতীয়ার্ধে আরও বেশি বল দখলে রেখে আক্রমণে মনোযোগী হয় বায়ার্ন। কিন্তু তা খুব একটা কাজে দেয়নি।

পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে গোলের দেখা পায় বায়ার্ন। ডি-বক্সে ডান পায়ের শটে আসরে নিজের ৩৬তম গোলটি করেন পোলিশ তারকা লেভানদোভস্কি।

৩১ ম্যাচে ২২ জয় ও পাঁচ ড্রয়ে বায়ার্নের পয়েন্ট ৫৯। এক ম্যাচ কম খেলা লাইপজিগ ১০ পয়েন্ট কম নিয়ে আছে দুই নম্বরে।

রোববার স্টুটগার্টের বিপক্ষে লাইপজিগ ঘরের মাঠে হেরে গেলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বায়ার্নের।

৩০ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে আছে মাইন্স।