২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবিনার চাওয়া ‘মাঠে রাখতে হবে খেলা’

বসুন্ধরা কিংসের হয়ে জিতেছেন মেয়েদের লিগ শিরোপা। তিনি নিজেও ছুটছেন সর্বোচ্চ গোলদাতা হওয়ার পথে। দলীয় ও ব্যক্তিগতভাবে দারুণ সময় কাটানো সাবিনা খাতুনের মনে প্রত্যাশার প্রতিদান দিতে পারার আনন্দ। আগামী দিনের চাওয়াও অভিজ্ঞ এই ফরোয়ার্ড জানালেন ছোট কথায়-মাঠে রাখতে হবে খেলা।”

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2020, 07:36 PM

Updated : 10 Oct 2022, 07:37 PM

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রোববার জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৩-১ গোলে উড়িয়ে দিয়ে লিগ শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা কিংস। ১১ ম্যাচের সবগুলো জিতে ৩৩ পয়েন্ট নিয়ে এক ম্যাচ হাতে রেখে লক্ষ্যে পৌঁছেছে দলটি।

জাতীয় দলের অধিকাংশ খেলোয়াড় নিয়ে দল গোছানো বসুন্ধরা কিংস প্রত্যাশা অনুযায়ী সাফল্য পেয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম’কে ২৭ বছর বয়সী সাবিনাও জানালেন দলীয় প্রচেষ্টায় সফল হওয়ার কথা।

“শিরোপা জয় অবশ্যই আনন্দের ব্যাপার। এটা আমরা খুবই ইতিবাচক দিক হিসেবে দেখছি। বসুন্ধরা কিংসকে ধন্যবাদ যে, তারা মেয়েদের ফুটবলেও এগিয়ে এসেছে। আশা করি, আগামীতে তারা আরও ভালো পরিকল্পনা করবে। ফেডারেশনকেও ধন্যবাদ যে, করোনাভাইরাসের কারণে মেয়েদের লিগ তারা বাতিল করেনি। আশা করি, এই ধারাবাহিকতা তারা রাখবে।”

“টিম ওয়ার্ক নিয়ে আমরা খুশি। যে প্রত্যাশা নিয়ে বসুন্ধরা কিংস আমাদের নিয়েছিল, তাদের প্রত্যাশার প্রতিদান দিতে পেরেছি। এটাও আমাদের জন্য আরেকটা তৃপ্তির ব্যাপার।”

১১ ম্যাচে ৩০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন সাবিনা। ১৯ গোল নিয়ে তার পেছনে ক্লাব সতীর্থ কৃষ্ণা রানী সরকার। দুই সতীর্থের মধ্যে দ্বৈরথ নেই, সাবিনা জানালেন আগের ধারাবাহিকতা ধরে রাখাই ছিল তার লক্ষ্য।

“আমরা (কৃষ্ণা ও আমি) তো ক্লাব সতীর্থ। আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে নিজেদের মতো চেষ্টা করেছি। ব্যক্তিগতভাবে আমার লক্ষ্য ছিল, বিগত দিনে যে ধারাবাহিকতা, সেটা ধরে রাখার। নিজের প্রচেষ্টা ছিল, সৃষ্টিকর্তাও সাহায্য করেছেন। এখনও এক ম্যাচ হাতে রয়েছে…দেখা যাক।”

১০ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা নাসরিন একাডেমি বসুন্ধরা কিংসকে মোটামুটি চাপে রেখেছিল। বিষয়টাকে ইতিবাচক হিসেবে দেখছেন সাবিনা।

“নাসরিন একাডেমি দ্বিতীয় ধাপের দলবদলের সময় নতুন কিছু খেলোয়াড় নিয়েছিল। সেসময় তারা আরও বেশি ভালো করেছে। আমাদের একটু চাপে রেখেছিল, সেটা আমাদের জন্য ভালো হয়েছে।”

করোনাভাইরাসের কারণে গত মার্চে বন্ধ হয়ে গিয়েছিল দেশের ফুটবল। পরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ছেলেদের মৌসুম বাতিল করে দেয়। ২০১৯-২০ মৌসুমে কেবল মেয়েদের লিগ হয়েছে। সাবিনার চাওয়া টুর্নামেন্টগুলো চলুক ধারাবাহিকভাবে।

“আমাদের আসলে খেলা মাঠে রাখতে হবে। খেলা মাঠে থাকলে মেয়েরা আরও উন্নতি করার সুযোগ পাবে। দীর্ঘদিন ধরে মেয়েদের লিগ ছিল না। ২০১৪ সালের পর এই প্রথম হলো। খেলা মাঠে না থাকলে সমস্যা, তখন পাইপলাইনেও খেলোয়াড় থাকবে না। আশা করি, এখন থেকে মেয়েদের টুর্নামেন্টের ধারাবাহিকতা থাকবে।”