২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪৫ বছর বয়সে জাতীয় দলে

দলের তিন গোলরক্ষকের কোভিড-১৯ পরীক্ষার ফল এসেছে পজিটিভ। ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য তাই অবসরে থাকা ৪৫ বছর বয়সী গোলরক্ষক অলেকসান্দার শোভকোভস্কিকে ডেকেছে ইউক্রেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2020, 07:03 PM

Updated : 08 Apr 2022, 01:26 AM

ফ্রান্সের জাতীয় স্টেডিয়ামে বুধবার রাতে মুখোমুখি হবে দল দুটি। বাংলাদেশ সময় রাত একটা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

ইউক্রেনের হয়ে ৯০ ম্যাচ খেলা শোভকোভস্কি অবসরে যান ২০১৬ সালে। বর্তমানে তিনি দলটির প্রধান কোচ আন্দ্রে শেভচেঙ্কোর সহকারী হিসেবে কাজ করছেন। এবার একই সঙ্গে তাকে দেখা যাবে স্কোয়াডেও।

দেশটির ফুটবল ফেডারেশন (ইউএএফ) এক বিবৃতিতে জানিয়েছে, খেলার জন্য তিনি ‘শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন’ এবং বর্তমানে দলটির একমাত্র সুস্থ গোলরক্ষক জর্জি বুশচিনের বিকল্প হিসেবে থাকবেন।

শাখতার দোনেৎস্কের গোলরক্ষক আন্দ্রি পিয়াতভ ও মিডফিল্ডার তারাস স্তেপানেঙ্কো কোভিড-১৯ পজিটিভ হওয়ায় সফরে নেই। আর আগের দিন দলে থাকা দুই গোলরক্ষক আন্দ্রি লুনিন ও ইউরি পাঙ্কিভের কোভিড-১৯ রোগে আক্রান্তের খবর দেয় ইউএএফ।