২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্লান্তিকে দায় দিলেন বার্সা কোচ

টানা দুই ম্যাচে দাপুটে জয়ের পর হলো ছন্দপতন। লা লিগায় নিজেদের মাঠে সেভিয়ার বিপক্ষে ড্র করার পর বার্সেলোনা কোচ রোনাল্ড কুমান এর জন্য দায় দিলেন ক্লান্তিকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2020, 02:01 PM

Updated : 10 Oct 2022, 07:27 PM

কাম্প নউয়ে লা লিগার ম্যাচে রোববার রাতে ১-১ ড্র করে বার্সেলোনা। গত এক সপ্তাহে এটি ছিল তাদের তৃতীয় ম্যাচ। গত রোববার ভিয়ারিয়ালকে ৪-০ গোলে উড়িয়ে মৌসুম শুরু করা কাতালান দলটি বৃহস্পতিবার দ্বিতীয়ার্ধে একজন কম নিয়েও দারুণ ফুটবলে সেল্তা ভিগোর মাঠ থেকে পাঁচ বছর পর ৩-০ গোলের জয় নিয়ে ফেরে।

প্রথম দুই ম্যাচে কুমান খেলিয়েছেন একই একাদশ। দ্বিতীয় ম্যাচে লাল কার্ড পাওয়া ক্লেমোঁ লংলের তৃতীয় ম্যাচে আসে একটি পরিবর্তন। শুরুর একাদশে খেলেন রোনাল্দ আরাহো।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারানোর জন্য কুমান বললেন, ক্লান্তির কথা। ডাচ এই কোচের মতে টানা খেলার ধকল কাটিয়ে উঠতে পারেননি খেলোয়াড়রা।

“আমাদের জন্যে এটা ছিল কঠিন একটা সপ্তাহ এবং এটি ছিল আরও একটি ক্লান্তিকর ম্যাচ।”

“ভিগোর মাঠে একজন কম নিয়ে খেলতে হওয়ায় আমাদের অনেক দৌড়াতে হয়েছিল এবং আজ আমাদের সতেজতা ও আক্রমণে ঘাটতি ছিল।”

ম্যাচের শুরুতেই লুক ডি ইয়ং সেভিয়াকে এগিয়ে নেওয়ার দুই মিনিট পর সমতা ফেরান ফিলিপে কৌতিনিয়ো।

এক সময়ের সতীর্থ হুলেন লোপেতেগির দলকেও প্রাপ্য সম্মান দিচ্ছেন কুমান।

“সেভিয়া দারুণ খেলেছে। তারা ভালোভাবে চেপে ধরেছিল এবং শারীরিকভাবে আমাদের চেয়ে ভালো অবস্থায় ছিল। তারা অসাধারণ এক দল।”

“ম্যাচটা ছিল কঠিন। তারা আমাদের ওপর কঠিন চাপ দিয়েছিল এবং আমরা যেভাবে চেয়েছি সেভাবে বল নিয়ে এগোতে পারিনি। আমার মনে হয় আমরা ভালো খেলেছি কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেকবার বলের দখল হারিয়েছিলাম। এমন হলে খেলায় ছন্দ ধরে রাখা যায় না।”

মৌসুম শুরুর মাত্র এক সপ্তাহ পরই এখন জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন বার্সেলোনার ফুটবলাররা। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছে বার্সেলোনা। দল যেভাবে আসর শুরু করেছে তাতে সন্তুষ্ট কুমান।

“যেভাবে শুরু করেছি তাতে আমরা খুশি হতেই পারি। আমরা ইতিবাচক একটা ছাপ রেখেছি তবে আমাদের এখনো একসঙ্গে কাজ করতে আরও সময় দরকার।”

“আমাদের কঠিন তিনটা ম্যাচ ছিল, দুটোয় জিতেছি এবং একটায় ড্র করেছি। তাই আমি খুশি। আমাদের প্রতিপক্ষরা ছিল শক্ত তবে সাত পয়েন্ট পাওয়ায় আমরা খুশি হতেই পারি।”