২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর বিশ্ব জয়ের ঘোষণা

দুই বছর আগে নতুন স্বপ্নে তুরিনে পাড়ি জমানো ক্রিস্তিয়ানো রোনালদোর সামনে ছিল ইউভেন্তুসের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা খরা কাটানোর চ্যালেঞ্জ। প্রথম দুই মৌসুমে লিগ শিরোপা ধরা দিলেও ছুঁয়ে দেখা হয়নি ইউরোপ সেরার ট্রফি। তবে, হতাশায় একটুও ভেঙে পড়েননি তিনি। নতুন মৌসুম শুরুর আগে দিলেন ইউরোপ তো বটেই, সঙ্গে বিশ্ব জয়ের ঘোষণাও।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2020, 06:11 PM

Updated : 18 Aug 2022, 03:41 PM

বয়স যে তার জন্য শুধুই একটা সংখ্যা, মাঠে এর প্রমাণ দিয়েছেন ঢের। ২০১৯-২০ মৌসুমেও দলের সেরা পারফর্মার তিনি; সেরি আর গত আসরের দ্বিতীয় সর্বোচ্চ এবং দলের সর্বোচ্চ গোলদাতা, ৩৩ ম্যাচে ৩১ গোল। অনেক ম্যাচে ছিলেন জয়ের নায়ক।

মৌসুমে নিজেদের শেষ ম্যাচেও অলিম্পিক লিওঁর বিপক্ষে ৩৫ বছর বয়সী এই তারকা ফরোয়ার্ড ছিলেন ম্যাচ সেরা। ঘরের মাঠে সেদিন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ফিরতি লেগে দলের ২-১ ব্যবধানে জেতা ম্যাচে দুটি গোলই করেছিলেন তিনি। কিন্তু প্রথম লেগে ১-০ গোলে হেরে আসায় অ্যাওয়ে গোলে ছিটকে যায় তার দল। আর এর আগের মৌসুমে ইউরোপ সেরার মঞ্চ থেকে ইতালিয়ান ক্লাবটি বিদায় নিয়েছিল কোয়ার্টার-ফাইনাল থেকে।

তবে এবার কোনোভাবেই ব্যর্থ হতে রাজি নন রোনালদো। কদিন বাদে ঠাসা সূচিতে মাঠে গড়াতে যাওয়া ২০২০-২১ মৌসুমের আগে তাই ইন্সটাগ্রামে সতীর্থদের দিলেন বার্তা, জানালেন বিশ্ব জয়ের প্রত্যয়।

“ইউভেন্তুসের হয়ে তৃতীয় মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি এবং আমার আকাঙ্ক্ষা ও উচ্চাশা আছে আগের মতোই অনেক ওপরে। গোল, জয়, অঙ্গীকার, নিবেদন, পেশাদারিত্ব।”

“আমার সামর্থ্যের সবটুকু দিয়ে এবং সতীর্থ ও ইউভেন্তুসের সকল কর্মীদের মূল্যবান সাহায্য নিয়ে আমরা আবার ইতালি, ইউরোপ ও বিশ্ব জয়ের লক্ষ্যে কঠোর পরিশ্রম করব।”

নিয়মিত কঠোর পরিশ্রমে নিজেকে সুউচ্চে তুলে নেওয়া রোনালদোর দৃঢ় মনোবলের প্রমাণও মিলল তার বৃহস্পতিবারের ইন্সটাগ্রাম বার্তায়। রিয়াল মাদ্রিদে ৯ বছরের সাফল্যমণ্ডিত ক্যারিয়ারে চারটি চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি লা লিগাসহ অনেক শিরোপা জেতা রোনালদো গড়েছেন অনেক রেকর্ডও। সামনের পথচলায়ও নতুন নতুন কীর্তি গড়তে চান তিনি।

“রেকর্ড ভাঙা। বাধা উৎরানো। শিরোপা জেতা ও ব্যক্তিগত লক্ষ্য পূরণ। আরও কিছু করা এবং আরেকটু ভালো করা। আরও ওপরে উঠতে হবে এবং সামনের সব চ্যালেঞ্জে জয়ী হতে হবে।”

নিজেদের ইতিহাসে দুবারের ইউরোপ চ্যাম্পিয়ন ইউভেন্তুস তাদের সবশেষ শিরোপাটি জিতেছে ১৯৯৫-৯৬ মৌসুমে। প্রায় দুই যুগের সেই খরা কাটানোর লক্ষ্যেই ১০ কোটি ইউরো ট্রান্সফার ফিতে পাঁচবারের বর্ষসেরা ফুটবলারকে ২০১৮ সালে দলে টানে সেরি আর সফলতম ক্লাবটি।

ক্লাবের আস্থার প্রতিদান দিতে এবার মরিয়া রোনালদো। সতীর্থদের সঙ্গে নিয়ে নিজের সবটুকু নিংড়ে ক্লাবের লক্ষ্য পূরণের প্রতিশ্রুতি দিলেন তিনি।