সিটিতে তরুণ স্প্যানিশ ফরোয়ার্ড তরেস
ভালেন্সিয়া থেকে তরুণ মিডফিল্ডার ফেররান তরেসকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।
এক বিবৃতিতে মঙ্গলবার ২০ বছর বয়সী এই স্প্যানিয়ার্ডের সঙ্গে পাঁচ বছরের চুক্তির বিষয়টি নিশ্চিত করে ক্লাবটি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তরেসকে কিনতে দুই কোটি ৩০ লাখ ইউরো খরচ হয়েছে সিটির।
গত ৩ জুলাই, জার্মান ফরোয়ার্ড লেরয় সানে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর তার জায়গায় এই প্রথম কোনো খেলোয়াড় কিনল সিটি।
পেপ গুয়ার্দিওলার দলে যোগ দিতে পেরে ভীষণ খুশি ভালেন্সিয়ার হয়ে গত মৌসুমে ৪৪ ম্যাচে ছয় গোল করা তরেস।
“প্রত্যেক ফুটবলারই আক্রমনাত্মক খেলা দলগুলিতে আসতে চায় এবং বিশ্ব ফুটবলে ম্যানচেস্টার সিটি অন্যতম আক্রমনাত্মক দল…সিটিতে যোগ দিতে পেরে আমি খুব খুশি।”
