কোভিড-১৯: ক্লাব সোচির ৯ জন আক্রান্ত
কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ হয়েছেন রাশিয়ান শীর্ষ ফুটবল লিগের দল এফসি সোচির ৯ জন। এজন্য তাদের পরের ম্যাচটি বাতিল হয়ে গেছে।
লিগের পক্ষ থেকে বৃহস্পতিবার এক বিবৃতিতে খবরটি জানানো হয়েছে। তবে আক্রান্তরা খেলোয়াড় নাকি দলের স্টাফ, তা জানানো হয়নি।
১৬ দলের প্রতিযোগিতায় দ্বাদশ স্থানে থাকা সোচির বৃহস্পতিবার মুখোমুখি হওয়ার কথা ছিল পয়েন্ট তালিকার ১৪ নম্বরে থাকা তাম্বভের।
করোনাভাইরাসের কারণে মধ্য-মার্চে স্থগিতের পর গত মাসে আবার শুরু হয় রাশিয়ান প্রিমিয়ার লিগ। পুনরায় লিগ শুরুর পর কয়েকটি ক্লাবের কয়েকজন করে করোনাভাইরাস পজিটিভ হওয়ায় আগেও কিছু ম্যাচ বাতিল হয়েছে।
রাশিয়ায় এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা সাড়ে সাত লাখের বেশি, যা বিশ্বের চতুর্থ সর্বোচ্চ।
