টেবিল টেনিসের রত্নভাণ্ডার হয়েও অবহেলিত নড়াইল
দেশের শীর্ষ পর্যায়ের টেবিল টেনিস খেলোয়াড়দের শতকরা ৭০-৮০ শতাংশই গড়ে উঠেছেন নড়াইল টেনিস একাডেমিতে। নড়াইলকে বলা হয় বাংলাদেশের টেবিল টেনিসের সূতিকাগার। তবে গৌরবময় সুদীর্ঘ পথচলায়ও এখানে গড়ে ওঠেনি আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ প্রশিক্ষণ কেন্দ্র। প্রশিক্ষকদের জন্য নেই নির্দিষ্ট বেতন-ভাতা। আরও অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে চলছে দেশের সবচেয়ে বড় টেবিল টেনিস খেলোয়াড় তৈরির কারখানা।
উন্নত সুযোগ-সুবিধা পেলে দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও দেশের জন্য সাফল্য বয়ে আনা সম্ভব, বলছেন নড়াইলের খেলোয়াড়রা।
আনসার, সেনাবাহিনী, আবাহনী, শেখ রাসেলসহ জাতীয় পর্যায়ের সব দলে রয়েছে নড়াইলের খেলোয়াড়। সেই ১৯৭৯ সাল থেকে বাংলাদেশের টেবিল টেনিসে রয়েছে নড়াইলের খেলোয়াড়দের আধিপত্য।
নড়াইল থেকে প্রথম জাতীয় দলে সুযোগ পান কাজী মোস্তফা গায়েস আতিক। এরপর একাধিকবারের জাতীয় চ্যাম্পিয়ন মোস্তফা বিল্লাহ, মাহবুব বিল্লাহ থেকে শুরু করে নড়াইল থেকে উঠে এসে সোমা, সালেহা, রুমি, এডিসন, গৌতম, জাবেদ আহমেদরা মাতিয়েছেন জাতীয় পর্যায়ে। বর্তমানে জুনিয়র চ্যাম্পিয়ন ঐশি মৌ, সম্ভাবনাময় খেলোয়াড় নাহিন খানও উঠে এসেছেন নড়াইল থেকে।
সরেজমিনে দেখা যায়, নড়াইল পৌরসভা ভবনের পেছনে কালীদাস ট্যাংক পুকুরের পাড়ে এক কক্ষের ঘরটিই প্রশিক্ষণ কেন্দ্র। এই ঘরের মধ্যে বসানো আছে দুটি টেবিল। যেখানে পর্যায়ক্রমে প্রশিক্ষণ নেন প্রায় একশ খেলোয়াড়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আগে প্রতিদিন এই ঘর মুখর থাকত শিশু-কিশোরদের পদচারণায়। বাবা-মায়ের সঙ্গে এসে নিয়মিত অনুশীলন করত তারা। চোখে-মুখে স্বপ্ন বড় খেলোয়াড় হওয়ার। নানা কৌশল দেখিয়ে তাদের তৈরি করার দায়িত্ব কোচ ঈসমাইল, জাহিদ আর বিপ্লবের। কিন্তু প্রশিক্ষণের জীর্ণ দশা আর নানা সীমাবদ্ধতায় খেলোয়াড়দের স্বপ্ন ও কোচদের প্রচেষ্টা হোঁচট খায় বারবার।
২০১৮ সালে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নাহিন খান টনি তুলে ধরলেন, কতটা দুর্দশা তাদের অনুশীলন ব্যবস্থার।
“একটি টিনশেড ঘরের মধ্যে দুটি টেবিলে ভাগ করে সবাই প্র্যাকটিস করি। সকাল ও সন্ধ্যায় বড়দের প্র্যাকটিস, বিকেলে ছোটদের। অনেক খেলোয়াড় কিন্তু টেবিল মাত্র দুটি, তাই অপেক্ষায় থাকতে হয় দীর্ঘক্ষণ।”
“রুমের মেঝে দেখুন, খুবই অমসৃণ। ফ্যানের ব্যবস্থা নেই। ভ্যাপসা গরমে খেলতে প্রচন্ড কষ্ট হয়। নেই কোনো ওয়াশরুম। তারপরও আমরা এখান থেকেই খেলা শিখেছি এবং এখন জাতীয় পর্যায়ে খেলি। উন্নত মানের প্রশিক্ষণ এবং এখানকার সুযোগ-সুবিধা বাড়ালে আগামীতে আমরা আরও ভালো করতে পারব।”
গত বছর নেপালে সাউথ এশিয়ান গেমসের মহিলা দ্বৈতে ব্রোঞ্জ জিতেছিলেন সাদিয়া রহমান মৌ। তিনিও বেড়ে উঠেছেন এখানে খেলেই। অপ্রতুল সুযোগ-সুবিধা নিয়ে হাহাকার ফুটে উঠল জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন এই খেলোয়াড়ের কণ্ঠেও।
“এখানে ফ্লোরে ম্যাট নেই। কোনো বাথরুম বা চেঞ্জ রুম নেই। জিমনেসিয়াম নেই। তেমন কোনো আধুনিক সুযোগ-সুবিধা নেই। মাত্র দুটি টেবিলে অনেকের প্র্যাকটিস করতে হয়। এই খেলার ব্যাট, রাবারের দামও অনেক।”
সম্ভাবনাময় এই খেলোয়াড়ের বিশ্বাস, অনুশীলনের ভালো ব্যবস্থা পেলে যেতে পারবেন বহুদূর।
“ফিটনেস ধরে রাখার জন্য এই করোনাভাইরাসের দুর্যোগের মধ্যেও আমরা নিজেদের মতো প্র্যাকটিস করে যাচ্ছি। আমাদের ক্লাবের সমস্যাগুলি দ্রুত সমাধান করে যদি আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের ব্যবস্থা করা যায়, তাহলে আগামীতে দেশ এবং দেশের বাইরে আরও ভালো করতে পারব বলে বিশ্বাস রাখি।”
টেবিল টেনিস সংগঠক মামুন বিল্লাহ জানালেন, কোভিড-১৯ মহামারীর আগে দুই শিফটে বাচ্চাদের প্রশিক্ষণ ও খেলা চলত। তার কথায় উঠে এলো নানা বাস্তবতা, সমস্যা ও সম্ভাব্য সমাধানের কথা।
“এই খেলার ব্যাট-রাবার অনেক দামি। সাধারণ পরিবারের সদস্যদের পক্ষে কেনা কঠিন। অনেক সময় সিনিয়রদের ব্যবহৃত ব্যাট কম দামে কিনে জুনিয়ররা খেলেন। এসব সামগ্রীর দাম কমালে এবং সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আরও অনেকেই এই খেলার প্রতি আগ্রহী হতো। অনেক খেলোয়াড়ই বর্তমানে বিভিন্ন বাহিনীতে কর্মরত আছেন। স্থানীয় পর্যায়ে বিভিন্ন সময়ে কিছু প্রতিযোগিতার আয়োজন করা হলেও তা আরও বাড়ানো দরকার।”
নড়াইলে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু আশ্বাস দিলেন সমস্যা সমাধানের।
“নড়াইল বাংলাদেশ টেবিল টেনিসের আঁতুর ঘর। আমরা সমস্যাগুলি সমাধান করার জন্য চেষ্টা করে যাচ্ছি। করোনাভাইরাসের বিপদ কেটে যাওয়ার পর সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে আগামীতে আমাদের খেলোয়াড়রা আরও ভালো করতে পারবে বলে আশা করছি।”
