২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির হয়ে ফোডেনের ‘সেরা ম্যাচ’

প্রিমিয়ার লিগে বার্নলিকে উড়িয়ে দেওয়া ম্যাচে ম্যানচেস্টার সিটির হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন ফিল ফোডেন। তরুণ ইংলিশ মিডফিল্ডার বলছেন, সিটির হয়ে এটিই তার সেরা ম্যাচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2020, 01:26 PM

Updated : 08 Apr 2022, 12:58 AM

ম্যানচেস্টারের ইতিহাদ স্টেডিয়ামে সোমবার গত দুই আসরের চ্যাস্পিয়নদের ৫-০ ব্যবধানের জয়ে জোড়া গোল করেন ফোডেন। দুটি করেন রিয়াদ মাহরেজ, অন্যটি দাভিদ সিলভার।

ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ফোডেন জানান নিজের পারফরম্যান্স নিয়ে তৃপ্তির কথা।

“আমার মনে হয়, সিটির জার্সি গায়ে এটি আমার সেরা ম্যাচ। এখনও প্রতিনিয়তই শিখছি আমি। তবে এমন পারফরম্যান্স দেখাতে পেরে আমি খুশি।”

“খেলায় ভূমিকা রাখতে পারা সবসময়ই দারুণ। খেলাটা আমি উপভোগ করছি। মূল ব্যাপার হলো ফল পাওয়া এবং সময়টা কেমন যাচ্ছে। আমরা এখন ক্ষুরধার।”

বার্নলির বিপক্ষে ম্যাচে ফোডেনের গোলেই ২২তম মিনিটে এগিয়ে যায় সিটি। ছোট করে নেওয়া কর্নারে বল পেয়ে বের্নার্দো সিলভা লম্বা পাস দেন ফোডেনকে। প্রথম ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে প্রায় ২০ গজ দূর থেকে বাঁ পায়ের জোরালো নিচু শটে ঠিকানা খুঁজে নেন ২০ বছর বয়সী মিডফিল্ডার। ম্যাচ শেষে ফোডেন জানালেন, এই কৌশল নিয়ে তারা অনেক অনুশীলন করেছেন।

“আমাদের একজন সেট-পিস কোচ আছেন এবং শর্ট কর্নার ও ডিফেন্ডিং নিয়েও আমরা কঠোর পরিশ্রম করে আসছি। পরিশ্রমের ফল পাওয়াটা দারুণ।”

ম্যাচের শেষ গোলটিও ছিল ফোডেনের। ৬৩তম মিনিটে গোছালো আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। দাভিদ সিলভার পাস পেনাল্টি স্পটের কাছে পেয়ে পেছনে ঠেলে দেন জেসুস। প্রথম ছোঁয়ায় বাঁ পায়ে বাকি কাজ সারেন ফোডেন। ম্যাচ শেষে তিনি জানালেন, অনুশীলনের ছকেই ফল এসেছে ম্যাচে।

“সেট-পিস কার্যকর করার জন্য আমরা কাজ করেছি, তাই আগে থেকেই জানতাম পাসটি পেয়ে কোথায় খেলতে হবে। আমি খুশি যে এটি কাজে লেগেছে।”

ফোডেনের পারফরম্যান্সে তাকে নিয়ে আশা বাড়ছে ক্রমেই। একসময় তিনি দাভিদ সিলভার জায়গা নেবেন কিনা, এই প্রশ্নও উঠল। তবে ফোডেন সেই ভাবনাতেই যেতে চান না। 

“আজ সে যেভাবে খেলেছে, অবিশ্বাস্য। আমি এটা নিয়ে ভাবতে চাই না (জায়গা নেওয়া)। কেবল তার সঙ্গে খেলাটা উপভোগ করছি। সে ফুটবলের একজন কিংবদন্তি।”

কোভিড-১৯ মহামারীর কারণে তৈরি হওয়া অনাকাঙ্ক্ষিত বিরতির পর গত বুধবার লিগ ফেরার দিনে আর্সেনালের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও জালের দেখা পেয়েছিলেন ফোডেন।

তার দলের লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ হয়েছে আগেই। ৩০ ম্যাচে ২০ জয় ও তিন ড্রয়ে ৬৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে সিটি। বলতে গেলে, ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়া লিভারপুলের পয়েন্ট ৮৩।