লেভানদোভস্কি ছুটছে, মেসি-রোনালদো হাঁটছে!
কখনও ছাপিয়ে যাচ্ছেন নিজেকে; কখনও অন্যকে। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় ৩১ বছর বয়সে এসে রবের্ত লেভানদোভস্কি রীতিমতো চোখ ধাঁধিয়ে দিচ্ছেন সাফল্যের দ্বীপ্তিতে। ইউরোপিয়ান গোল্ডেন সু জয়ের পথে এই পোলিশ স্ট্রাইকার যেন দৌড়াচ্ছেন আর সময়ের দুই সেরা লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো হাঁটছেন তার পিছে!
নিজেদের ৩২তম ম্যাচে বুন্ডেসলিগা শিরোপায় চুমু এঁকেছিল বায়ার্ন মিউনিখ। ৩৩তম রাউন্ডে ধরে রাখল জয়ের ধারা। গোলের জন্য ক্ষুধার্ত লেভানদোভস্কিও যথারীতি রেকর্ডের পাতায় আঁচড় কেটে চলেছেন। এভাবে গোলের রথে থাকলে চলতি বুন্ডেসলিগায় আরও বড় কিছু পাওয়ার দারুণ হাতছানি আছে সতীর্থদের কাছ থেকে ‘লেভানগোলস্কি’ নাম পাওয়া এই ফরোয়ার্ডের সামনে।
সবশেষ শনিবার ফ্রেইবুর্ককে ৩-১ ব্যবধানে হারানো ম্যাচে জোড়া গোল করেন লেভানদোভস্কি। এ ম্যাচেই ব্যবধান দ্বিগুণ করা গোলে বুন্ডেসলিগার ইতিহাসে বিদেশি খেলোয়াড় হিসেবে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ডটি নিজের করে নেন তিনি। পেছনে ফেলেন ২০১৬-১৭ মৌসুমে বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে পিয়েরে-এমেরিক অবামেয়াংয়ের গড়া ৩১ গোল। ফ্রেইবুর্কের জালে কিছুক্ষণ পরই আসরে নিজের ৩৩তম গোলটি করেন তিনি।
এ পর্যন্ত বায়ার্নের খেলা ৩৩ লিগ ম্যাচের মধ্যে লেভানদোভস্কি মাঠে নেমেছেন ৩০টিতে। খেলেছেন মোট দুই হাজার ৬৬৯ মিনিট। ম্যাচপ্রতি গোল করেছেন ১.১ গড়ে। বাভারিয়ানদের ম্যাচ বাকি আর একটি। আগামী শনিবার ভলফসবুর্কের মাঠে শেষ ম্যাচে জালের দেখা পেলে সাবেক জার্মান স্ট্রাইকার ডিটার মুলারের এক মৌসুমে করা ৩৪ গোলের কীর্তিকে স্পর্শ করা অথবা ছাপিয়ে যাওয়ার সুযোগ আছে লেভানদোভস্কির সামনে।
জার্মানির শীর্ষ লিগটির ইতিহাসে এর আগে এক মৌসুমে ৩৩টির বেশি গোলের ঘটনা আছে মাত্র চারটি। অপর তিনটিই বায়ার্ন কিংবদন্তি জার্ড মুলারের দখলে। বুন্ডেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও তার। ১৯৭১-৭২ মৌসুমে ৪০টি, ১৯৬৯-৭০ মৌসুমে ৩৮টি এবং ১৯৭২-৭৩ মৌসুমে ৩৬টি গোল করেছিলেন তিনি। আর ডিটারের ৩৪ গোলের কীর্তিটি এফসি কোলনের হয়ে, ১৯৭৬-৭৭ মৌসুমে।
আগামী অগাস্টে ৩২ বছর পূরণের পথে থাকা লেভানদোভস্কি চলতি লিগে এরই মধ্যে আরেকটি ‘প্রথম’-এর পাতায় নিজের নাম তুলেছেন। গত মে মাসে ফরটুনা ডুসেলডর্ফের বিপক্ষে দুবার জালে বল পাঠিয়ে প্রতিযোগিতাটির ইতিহাসে ৩০ বছরের বেশি বয়সী প্রথম খেলোয়াড় হিসেবে ২৯ গোলের রেকর্ড গড়েন তিনি।
পোলিশ লিগ থেকে ২০১০ সালে বুন্ডেসলিগায় পা রাখা লেভানদোভস্কি ২০১৪ সাল পর্যন্ত খেলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে। এরপর নোঙর ফেলেন আলিয়াঞ্জ অ্যারেনায়। বরুশিয়া ও বায়ার্নের হয়ে বুন্ডেসলিগায় তার এ মুহূর্তে গোলসংখ্যা ২৩৫টি (৩২০ ম্যাচ)।
লিগটির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন তৃতীয় স্থানে। দুইয়ে আছেন ক্লাউস ফিশার (৫৩৫ ম্যাচে ২৬৮ গোল)। সবার ওপরে জার্ড মুলার (৪২৭ ম্যাচে ৩৬৫ গোল)। কমপক্ষে ১০০টি গোল করাদের মধ্যে গোল প্রতি মিনিটের হিসেবে জার্ড মুলারের পরেই আছেন লেভানদোভস্কি। কিংবদন্তি মুলার প্রতি ১০৫ মিনিটে একটি করে গোল করেছেন, লেভানদোভস্কির গোল গড় ১০৯ মিনিট। সেখানে ফিশার গোল করেছেন প্রতি ১৭৩ মিনিটে।
চলতি মৌসুমে লেভানদোভস্কির কীর্তি আছে আরও একটি। বুন্ডেসলিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে আসরের প্রথম ১১ ম্যাচেই গোল করার রেকর্ড গড়েন তিনি।
এ মৌসুমে অস্ট্রিয়ার দল সালসবুর্কের পর বুন্ডেসলিগা বরুশিয়ার হয়ে খেলা আর্লিং হল্যান্ডের গোল ২৯টি। তবে সালসবুর্কের হয়ে ১৬টি, বরুশিয়ার হয়ে ১৩টি গোল এই তরুণ ফরোয়ার্ডের। সেরি আর শিরোপাধারী ইউভেন্তুসের ফরোয়ার্ড রোনালদোর ও বার্সেলোনার ফরোয়ার্ড মেসি দুজনেরই গোল ২১টি করে। মানে লেভানদোভস্কির চেয়ে দুজনেরই কম ১২টি করে গোল!
অবশ্য মেসি-রোনালদোর সামনে যথেষ্ট সুযোগ আছে লেভানদোভস্কিকে ধরে ফেলার। লা লিগায় বার্সেলোনায় খেলা ৩০ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ২৫টিতে; আর্জেন্টাইন এই ফরোয়ার্ডের হাতে অবশিষ্ট আছে ৮টি ম্যাচ। ইউভেন্তুসের ২৬ ম্যাচের মধ্যে ২২টিতে খেলা রোনালদোর অবশ্য মেসির তুলনায় ম্যাচ আছে বেশি; ১২টি। তবে, হাতে ম্যাচ বেশি থাকলেও দুজনের সামনে আছে এক ডজন গোলের ঘাটতি পূরণের চ্যালেঞ্জ।
গত ১০ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন সু ঘুরে-ফিরে উঠেছে মেসি, রোনালদো ও লুইস সুয়ারেসের হাতে। ক্যারিয়ারে পুরস্কারটি মেসি মোট জিতেছেন ছয়বার। রোনালদো জিতেছেন চারবার; এর মধ্যে ২০১৩-১৪ মৌসুমেরটা ভাগাভাগি করেছিলেন লুইস সুয়ারেসের সঙ্গে। বুন্ডেসলিগায় চারবার সর্বোচ্চ গোলদাতা হলেও ইউরোপ পর্যায়ের পুরস্কারটি লেভানদোভস্কি জিততে পারেননি আজও। এবার তার সুযোগ আছে প্রবলভাবে।
গত বুন্ডেসলিগায় ২২ গোল করে লেভানদোভস্কি হয়েছিলেন সর্বোচ্চ গোলদাতা। এবার এরই মধ্যে গোল বেশি করেছেন ১১টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৪৮টি। পরিসংখ্যানই বলছে বয়সকে কীভাবেই না তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন এই পোলিশ স্ট্রাইকার।
