২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সার বিরুদ্ধে মামলায় নেইমারের হার

বার্সেলোনার বিরুদ্ধে বোনাস না দেওয়ার অভিযোগ তুলে যে মামলা করেছিলেন নেইমার, তা খারিজ করে দিয়েছে স্পেনের একটি আদালত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2020, 08:41 PM

Updated : 25 Jul 2022, 07:03 PM

উল্টো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে এখন গুণতে হবে অর্থ। ৬৭ লাখ ইউরো সাবেক ক্লাবকে ফিরিয়ে দিতে তাকে আদেশ দেওয়া হয়েছে বলে শুক্রবার বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে।

আদালতের রায়ে তারা সন্তুষ্ট বলেও বিবৃতিতে জানিয়েছে কাতালান ক্লাবটি।

২০১৭ সালের অগাস্টে ২২ কোটি ২০ লাখ ইউরো রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন নেইমার। তার মাত্র নয় মাস আগে কাম্প নউয়ের দলটির সঙ্গে নতুন চুক্তি করেছিলেন তিনি। ওই চুক্তিতে তাকে ৪ কোটি ৩৬ লাখ ইউরো বোনাস দেওয়ার কথা ছিল উল্লেখ করে বার্সেলোনার বিরুদ্ধে অভিযোগ করেন নেইমার।

রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, রায়ের পর নেইমারের প্রতিনিধিদের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আইনি লড়াইয়ের মাঝেও গত বছর নেইমারকে কাম্প নউয়ে ফেরানোর জোর চেষ্টা চালিয়েছিল বার্সেলোনা। পুরনো ঠিকানায় ফিরতে মরিয়া নেইমার পিএসজির সঙ্গে অনুশীলন বন্ধ করে দিয়েছিলেন। তার এমন আচরণে ক্ষুব্ধ হয়েছিল লিগ ওয়ানের দলটির সমর্থকরা।