২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুমি আমার বাবা নও’, ক্রুইফকে বলেছিলেন রোমারিও

দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ছোট্ট একটা সময় স্পেনে কাটিয়েছিলেন রোমারিও। মাঠ আর মাঠের বাইরে বড় একটা ছাপ ফেলেছিলেন সেখানে। ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই স্ট্রাইকার গোল করতেন যেন ইচ্ছে মতো। তার জীবনযাত্রাও ছিল তেমনই। তাই একবার লেগে গিয়েছিল বার্সেলোনা কোচ ইয়োহান ক্রুইফের সঙ্গে। ডাচ এই কিংবদন্তিকে মুখের ওপর বলেছিলেন, ‘তুমি আমার বাবা নও।’

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2020, 02:05 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

বর্ণিল ক্যারিয়ারে রোমারিও ব্রাজিলের হয়ে জিতেছেন বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশন্স কাপ। পেয়েছেন ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার। অসংখ্য ক্লাবে খেলেছেন তিনি।

ফুটবলার হিসেবে ছিলেন দুর্দান্ত। তবে মাঠের বাইরে ছিলেন খুব খামখেয়ালী। দারুণ সব অর্জনের পাশাপাশি বিতর্ক ছিল তার নিত্যসঙ্গী। মাঠের বাইরে কেমন ছিলেন এই ব্রাজিলিয়ান, তা জানতে তার সাবেক কয়েকজন বার্সেলোনা ও ভালেন্সিয়া সতীর্থের সঙ্গে কথা বলেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।

মিগেল আনহেল নাদাল, বার্সেলোনা ডিফেন্ডার

“লোকজন ভালো খেলোয়াড়দের মনে রাখে তাদের ম্যাচ দেখে, তবে গ্রেট খেলোয়াড়দের মনে রাখে অনুশীলন সেশন দেখে। এমন একজন ছিল আমাদের সঙ্গে...গোলরক্ষকদের বিপক্ষে সব ধরনের গোলই সে করত, যা সেই কেবল করতে পারত।”

হেসুস আনগোয়, বার্সেলোনা গোলরক্ষক

“আমাদের বারবার নাস্তানাবুদ করার একটা অভ্যাস তার ছিল। সবসময় আমাদের বলত, গোলরক্ষকদের সে দেখে তার চোখের কোণ দিয়ে...সে খুব উঁচু মানের খেলোয়াড় ছিল, কিন্তু স্কোরিং অতটা উপভোগ করত না যতটা আমাদের ভুগিয়ে পেত। ফুটবল ছিল তার কাছে বিশুদ্ধ বিনোদন। সে সতীর্থদের ভুগিয়ে আনন্দ পেত।”

অস্কার আরপন, বার্সেলোনা মিডফিল্ডার

“অনুশীলনে সে মজার সব কাণ্ড করত, যেন এক কার্টুন চরিত্র। অনুশীলনের ছোট-ম্যাচগুলোতে তাকে দেখা ছিল আনন্দদায়ক। ওর দলে যেই থাকবে, তার জয় নিশ্চিত।”

“আমার মনে আছে, একবার সে পেপ গুয়ার্দিওলার মাথার ওপর দিয়ে ‘রেইনবো কিক’ নিয়েছিল। পেপ হাততালি দিতে দিতে পুরোপুরি অনুশীলন থামিয়ে দিয়েছিল। দ্রুতই আমরা তাকে অনুসরণ করেছিলাম।”

“সে নজর কেড়েছিল কারণ, সে ছিল গম্ভীর এবং চাপা স্বভাবের। নিজেকে গুটিয়ে রাখত। তবে হুলিও সালিনাস কিংবা রোনাল্ড কোমানের সঙ্গে যোগ দিলেই শুরু হয়ে যেত, এরপর সারাক্ষণ মজা করত।”

“তার টেকনিক্যাল ইশারাগুলো ছিল পাগলাটে। যারা তার সঙ্গে ম্যাচ খেলতাম, আমরা শুধু দেখতাম যেন তার ব্যাঙ্গ এড়িয়ে যেতে পারি।”

পাবলো সালিনাস, বার্সেলোনা ফরোয়ার্ড

“একটা সময় ছিল যখন তার সব কথা সবার মাঝে ছড়িয়ে পড়ত। সেই সময় একদিন কোচের সঙ্গে একটা বিষয়ে তার তর্ক লেগে গেল।”

“কিছু একটা নিয়ে ইয়োহান অভিযোগ করেছিলেন এবং রোমারিও পাল্টা বলে বসে, ‘তুমি আমার বাবা নও। আমি অনুশীলন করি, আমি খেলি...।’ ইয়োহান তাকে ড্রেসিংরুমে অপেক্ষা করতে বলেছিল। সেখানে কিছুক্ষণ থাকার পর রোমারিও ক্লাবের এক কর্মচারীকে বলেছিল, ক্রুইফকে বলবে যে, সে চলে গেছে।”

প্রায়ই ফুটবল থেকে রোমারিওর মনোযোগ সরে যেত। ১৯৯৪ সালে তিনি ব্রাজিলে কার্নিভালে যেতে চাওয়ায় যা আরও স্পষ্ট হয়ে উঠেছিল। সালিনাস জানালেন সেই গল্প।

“সে যত দ্রুত সম্ভব ব্রাজিলে যেতে চেয়েছিল এবং ইয়োহান তাকে বলেছিল, দুটি গোল করলে সে যেতে পারবে। পরের ম্যাচে সে দুটি গোল করেই দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে দৌড়ে বেরিয়ে যায়।”

“তার ওপর তার চাচার এতটাই আস্থা ছিল যে, তিনি আগেই টিকেট কিনে এনেছিলেন। একমাত্র সে-ই হয়তো আগে থেকে পরিকল্পনা করত যে কয়টা গোল করবে, এবং তাই করত। যদি সে কোনো ম্যাচে দুটি গোল করতে চাইত, তাহলে দুটিই করত। তিনটি চাইলে তিনটি...অসাধারণ।”

“কখনও কখনও আমি বিরক্ত হতাম। কারণ, যখন মনে হতো এমন একজনের সঙ্গে খেলছি, যে কি-না নিজের ইচ্ছে মতো চলে, খবরের শিরোনাম হয় এবং গৌরব অর্জন করে। বিষয়টি মেনে নেওয়া সহজ ছিল না। কিন্তু সম্ভব হয়েছিল, কারণ সে ছিল অসাধারণ।”

ভিসেন্তে এনগনগা, ভালেন্সিয়া মিডফিল্ডার

“রোমারিও ওয়াইন, বিয়ার, জিন-এগুলো কিছু পান করত না। সে ক্লাবে যেত, তবে সেখানে গিয়ে কেবল নাচত এবং শুধু কোকাকোলা চাইত। আমি তাকে বলেছিলাম যে, ক্যাফেইনের কারণে তুমি ঘুমাচ্ছো না।”