ছিটকে গেলেন রিয়ালের ভাসকেস
পায়ের পেশির চোটে ভুগছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড লুকাস ভাসকেস।
করোনাভাইরাস বিরতির পর ফেরা লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে রোববার এইবারকে ৩-১ গোলে হারায় রিয়াল। ওই ম্যাচেও খেলতে পারেননি ভাসকেস।
এক বিবৃতিতে সোমবার ২৮ বছর বয়সী এই ফুটবলারের চোটের বিষয়টি নিশ্চিত করে ক্লাব। তার সুস্থ হয়ে উঠতে কতদিন সময় লাগতে পারে, এ বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে স্প্যানিশ পত্রিকা মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, দুই সপ্তাহ দলের বাইরে থাকতে পারেন ভাসকেস। লম্বা সময় খেলা থেকে দূরে থাকায় পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরও বেশি সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চোট সমস্যায় চলতি মৌসুমে লিগে মাত্র ছয় ম্যাচে শুরুর একাদশে ছিলেন ভাসকেস।
আগামী বৃহস্পতিবার নিজেদের পরবর্তী ম্যাচে ঘরের মাঠে ভালেন্সিয়ার মুখোমুখি হবে রিয়াল। পরের ম্যাচে রোববার রিয়াল সোসিয়েদাদের মাঠে খেলতে যাবে মাদ্রিদের দলটি।
