২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন উচ্চতায় মেসি

লা লিগায় বার্সেলোনার ফেরার ম্যাচে গোলের আরেক কীর্তি গড়েছেন লিওনেল মেসি। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে প্রতিযোগিতাটির টানা ১২ আসরে অন্তত ২০ গোল করে করলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2020, 01:09 PM

Updated : 08 Apr 2022, 12:56 AM

২০০৮-০৯ মৌসুমে প্রথমবার লা লিগায় ২০-এর বেশি গোল পান মেসি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। সেই মৌসুমে করেছিলেন ২৩ গোল। পরের দুই মৌসুমে পান ৩৪ ও ৩১ গোল।

২০১১-১২ মৌসুমে জালে বল পাঠান ৫০ বার। পরের মৌসুমে ৪৬ বার। ২০১৩-১৪ মৌসুমে ২৮ বার, পরের দুই মৌসুমে ৪৩ ও ২৬ গোল ছিল মেসির নামের পাশে। এবারের আগে তিন মৌসুমে করেন ৩৭, ৩৪ ও ৩৬ গোল। 

করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাসের অনাকাঙ্ক্ষিত বিরতির পর ফেরার ম্যাচে শনিবার রিয়াল মায়োর্কাকে তাদেরই মাঠে ৪-০ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়া ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেন আর্তুরো ভিদাল। মার্টিন ব্রাথওয়েট ও জর্দি আলবাকে দিয়ে গোল করানোর পর ম্যাচের যোগ করা সময়ে স্কোর বোর্ডে নাম লেখান লিওনেল মেসি।

চোট কাটিয়ে এই ম্যাচ দিয়ে মাঠে ফেরা লুইস সুয়ারেসের কাছ থেকে ডি-বক্সে বল পেয়ে জায়গা বানিয়ে গোলটি করেন বার্সেলোনা অধিনায়ক। চলতি লিগে এটি তার ২০তম গোল। পাশাপাশি মৌসুমে তার অ্যাসিস্ট সংখ্যা ১৪টি।