‘১১ ফাইনালের’ জন্য প্রস্তুত রিয়াল: জিদান
শিষ্য লুকাস ভাসকেসের সঙ্গে সুর মেলালেন এবার কোচ জিনেদিন জিদান। লা লিগায় নিজেদের বাকি ম্যাচগুলোর প্রতিটিকেই ‘ফাইনাল’ হিসেবে দেখছেন রিয়াল মাদ্রিদ কোচ। লিগ শিরোপা জয়ের জন্য তারা নিজেদের উজাড় করে দেবেন বলে জানালেন ফরাসি কিংবদন্তি।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে লম্বা সময় স্থগিত থাকার পর গত বৃহস্পতিবার রিয়াল বেতিস ও সেভিয়া ম্যাচ দিয়ে ফেরে স্পেনের শীর্ষ লিগ। নিজেদের প্রথম ম্যাচে রোববার এইবারের মুখোমুখি হবে রিয়াল।
লিগে বাকি আছে ১১ রাউন্ডের খেলা। শীর্ষে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল। শনিবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে লিগ নিয়ে নিজের ভাবনা জানান জিদান।
“আমার খেলোয়াড়রা জানে মৌসুমের চূড়ান্ত পর্যায়ে কিভাবে খেলতে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রস্তুতি এবং আমরা খুব ভালোভাবে প্রস্তুত। আমরা প্রস্তুত আছি; আমরা যা করেছি সেটার প্রতি আমার আস্থা আছে এবং এখন আমাদের তা প্রমাণ করতে হবে।”
ছবি: রিয়াল মাদ্রিদ
