‘এসি মিলানের বিপক্ষে দুর্ভাগা ছিলেন রোনালদো’
সেমি-ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে পেনাল্টি মিস করা ক্রিস্তিয়ানো রোনালদো পাশে পেলেন কোচ ও সতীর্থকে। ইউভেন্তুস কোচ মাওরিসিও সাররি ও ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি মনে করেন, এসি মিলানের বিপক্ষে দুর্ভাগা ছিলেন পর্তুগিজ তারকা।
তুরিনে শুক্রবার মিলানের বিপক্ষে ইউভেন্তুসের কোপা ইতালিয়ার দ্বিতীয় লেগের ম্যাচে হয়নি কোনো গোল। করোনাভাইরাসের ধাক্কা সামাল দিয়ে ইতালিতে ফুটবল ফেরার ম্যাচে সুযোগ এসেছিল শুরুর দিকেই। ডি বক্সে আন্দ্রেয়া কন্তির হাতে বল লাগলে পেনাল্টি পায় ইউভেন্তুস। কিন্তু পোস্টে মেরে সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন রোনালদো।
লম্বা সময় ১০ জন নিয়ে খেলা মিলানকে হারাতে পারেনি ইউভেন্তুস। প্রথম লেগের অ্যাওয়ে গোলের সুবাদে ফাইনালে উঠে দলটি। ম্যাচ শেষে রাই স্পোর্তকে সাররি জানান, স্পট কিক মিস হওয়া নিয়ে কোনো আক্ষেপ নেই তাদের।
“রোনালদো সম্ভবত পেনাল্টি মিস করতে অভ্যস্ত নয়। পোস্টের ভিতরে লেগে বল যেকোনো দিকে যেতে পারত। কিন্তু আজ সে ছিল দুর্ভাগা।”
রোনালদোর পেনাল্টি মিস নিয়ে একেবারেই ভাবছেন না বোনুচ্চি। অভিজ্ঞ এই ডিফেন্ডার মনে করিয়ে দেন, কিংবদন্তিরাও কখনও কখনও স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন।
“এমনকি সবার সেরাও মিস করে। ক্রিস্তিয়ানো সব সময় আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সে প্রতিপক্ষের রক্ষণের ওপর চাপ বাড়ায়। আজকে সে দুর্ভাগা ছিল এবং (এসি মিলান গোলকিপার জানলুইজি) দোন্নারুম্মা আজ খুব ভালো করেছে।”
আগামী ১৭ জুন রোমের ফাইনালে ইউভেন্তুস মুখোমুখি হবে নাপোলি বা ইন্টার মিলানের। ফাইনালে ওঠার লড়াইয়ে শনিবার মাঠে নামবে এই দুই দল। প্রথম লেগে ১-০ গোলে জিতে কিছুটা এগিয়ে আছে নাপোলি।
