যত সমীকরণ নিয়ে ফিরছে লা লিগা
ফুটবলপ্রেমীদের মোটামুটি মুখস্থ হয়ে গেছে ১১ জুন তারিখটি। হওয়ারই কথা। মাসের হিসাবে প্রায় তিন, দিনের হিসাবে ৯৩ দিন পর যে ফিরছে লা লিগা! অপেক্ষার অবসান হচ্ছে মেসি-সুয়ারেস-বেনজেমাদের; স্পেন তো বটেই, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদেরও।
বৃহস্পতিবার রাত ২টায় রিয়াল বেতিস-সেভিয়া ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে লা লিগা। বার্সেলোনা সমর্থকদের অপেক্ষা ফুরাবে ১৩ জুনে; রিয়াল মায়োর্কার মাঠে খেলতে যাবেন মেসি-সুয়ারেসরা। পরদিন আলফ্রেদ দি স্তেফানোর নামে গড়া নিজেদের ট্রেনিং গ্রাউন্ডে এইবারের সঙ্গে হোম ম্যাচ খেলবে জিনেদিন জিদানের দল; হবে রিয়াল মাদ্রিদ সমর্থকদের অপেক্ষা অবসানও।
এত উন্মাদনার ভেতরে কিছুটা হলেও দানা বেঁধে আছে শঙ্কা-করোনাভাইরাস। যদিও দর্শকশূন্য মাঠে খেলা, সংক্রমণের ভয় নেই অতটা। তারপরও স্পেন সরকারের নির্দেশনা অনুযায়ী খেলোয়াড়দের নিয়মিত পরীক্ষা থেকে শুধু করে মানতে হবে আরও অনেক বাধ্যবাধকতা। তবে অপেক্ষার অবসানের মহালগ্নে ফুটবলপ্রেমীদের জন্য বিরতির আগে-পরের নানা বিষয় নিয়ে এই আয়োজন।
গত ১০ মার্চে এইবার-রিয়াল সোসিয়েদাদ ম্যাচের পর করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল লা লিগা। যার শিরোপা লড়াইটা থাকছে দুই বড় দল বার্সেলোনা ও রিয়ালের মধ্যেই। ২৭ ম্যাচে ১৮ জয় ও ৪ ড্রয়ে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বার্সেলোনা মুকুট ধরে রাখার পথে ছুটছে। পিছু নেওয়া রিয়ালের পয়েন্ট ৫৬। ১৬ জয় ও ৮ ড্রয়ে মুকুট ফিরে পাওয়ার আশা ভালোভাবে বাঁচিয়ে রেখেছে জিনেদিন জিদানের দল। সেভিয়া (৪৭ পয়েন্ট), সোসিয়েদাদ (৪৬), গেতাফে (৪৬) ও আতলেতিকো মাদ্রিদের (৪৫) নতুন শুরু হবে মূলত ‘সেরা চারে’ থাকার লক্ষ্য নিয়ে। অবনমন অঞ্চলে ঘুরপাক খাচ্ছে মায়োর্কা, লেগানেস ও এস্পানিওল।
সেরা গোলদাতার দৌড়ে মেসি-বেনজেমা-সুয়ারেস
এখানেও লড়াইটা স্পেনের দুই বড় দল বার্সেলোনা ও রিয়ালের ফরোয়ার্ডদের মধ্যে। ২২ ম্যাচে ১৯ গোল নিয়ে শীর্ষে বার্সেলোনার লিওনেল মেসি। ১২ টি অ্যাসিস্টও আছে আর্জেন্টাইন ফরোয়ার্ডের। দ্বিতীয় স্থানে থাকা রিয়ালের করিম বেনজেমার ২৬ ম্যাচে গোল ১৪টি, অ্যাসিস্ট ৬ টি। ১১টি করে গোল আছে বার্সেলোনার লুইস সুয়ারেস, ভিয়ারিয়ালের জেরার্দ মোরেনো, আলাভেসের লুকাস পেরেস মার্তিনেস ও লেভান্তের মার্তি সালভাদোরের। বাকি ১১ রাউন্ডে গোলের ধারাবাহিকতায় থাকলে দারুণ দুটি রেকর্ড এবারই নিজের করে নিতে পারেন মেসি। আথলেতিক বিলবাও কিংবদন্তি তেলমো সাররাকে পেছনে ফেলে সর্বোচ্চ সপ্তমবারের মতো জিতে নিতে পারেন স্পেনের সর্বোচ্চ গোলদাতা পিচিচি অ্যাওয়ার্ড। ব্রাজিল কিংবদন্তি পেলের এক ক্লাবের (সান্তোস) হয়ে গড়া ৬৪৩ গোলের রেকর্ডও ছাপিয়ে যেতে পারেন আর্জেন্টাইন তারকা। বার্সেলোনার হয়ে মেসির বর্তমান গোলসংখ্যা ৬২৭টি।
১০ কোটি ইউরো দামের প্রতিদান এখন পর্যন্ত তিনি রিয়ালকে দিতে পেরেছেন যৎসামান্যই। চেলসি থেকে গত বছর সান্তিয়াগো বের্নাবেউয়ে নোঙর ফেলার পর হারানো ছন্দ খুঁজে ফিরছেন। মোটা হয়ে যাওয়া নিয়ে সমালোচনা শুনছেন। নিত্য লড়াই করছেন চোটের সঙ্গে। মাঠের চেয়ে সার্জনের ছুরি-কাঁচির সঙ্গে বেলজিয়ান ফরোয়ার্ডের দেখা-সাক্ষাৎ হচ্ছে বেশি। স্থগিত হয়ে যাওয়ার আগে ২৯ বছর বয়সী এই ফরোয়ার্ড ২৭ ম্যাচের মধ্যে খেলেছেন ১০টি। গোল ১টি! অ্যাসিস্ট ১টি। গত মার্চে ডান পায়ে অস্ত্রোপচারের পর গত তিন মাসে সেরে ওঠার সময় পেয়েছেন আজার। ‘নতুন সুযোগ’ লুফে নিতে নিশ্চয় মুখিয়ে থাকবেন তিনি। বেনফিকা থেকে ১২ কোটি ৬০ লাখ ইউরোয় আতলেতিকোয় পাড়ি জমানো জোয়াও ফেলিক্সকেও দিতে হবে আস্থার প্রতিদান। এ পর্যন্ত মাত্র ৪ গোল করেছেন তিনি।
যেসব তরুণের দিকে দৃষ্টি থাকবে
বার্সেলোনার আনসু ফাতি, রিয়ালের ভিনিসিউস জুনিয়র এরই মধ্যে আলোচনায় এসেছেন। লিগের শুরুর দিকে ১৬ বছর বয়সী ফাতি যে আলো ছড়িয়েছিলেন, ধরে রাখতে পারেননি। বদলি হিসেবে হলেও আরও বেশি সময় খেলার সুযোগ পেলে লাভবান হবে এই টিএনজার। গত মার্চে ক্লাসিকোয় বার্সেলোনার জালে গোল করে নিজের জাত আরও ভালোভাবে চিনিয়েছিলেন ভিনিসিউস জুনিয়র। এ দুজন ছাড়াও দৃষ্টি থাকবে ৪টি করে গোল করা ও করানো ভালেন্সিয়ার ফেরান তোরেস, তারুণ্যনির্ভর দল সোসিয়েদাদের ওদেগার্দ, আলেক্সান্ডার আইজ্যাক, মিকেল ওইয়ারজাবালের দিকে।
আতলেতিকোর রক্ষণের নতুন পরীক্ষা
জমাট রক্ষণের জন্য বেশ পরিচিত আতিলেতিকো মাদ্রিদ এবার যেন চেপেছে উল্টো রথে। গত লা লিগায় রানার্সআপ হওয়া দিয়েগো সিমেওনের দলের এবার দ্বিতীয় হওয়ার আশা বলতে গেলে নেই। এতে রক্ষণের দায় আছে যথেষ্টই। ২৭ রাউন্ডে এরই মধ্যে ২১ গোল হজম করেছে দলটি! অথচ গত লিগ দলটি শেষ করেছিল মোট ২৯ গোল খেয়ে।
