কিংস-কলিনদ্রেস জুটি ভাঙল
দুই পক্ষের মধ্যে আলোচনা চলছিল। দেনিয়েল কলিনদ্রেস সোলেরা চেয়েছিলেন এক বছরের চুক্তি। পরিস্থিতি বিবেচনায় বসুন্ধরা কিংস চেয়েছিল স্বল্পমেয়াদী চুক্তি। শেষ পর্যন্ত মিলল না ইতিবাচক ফল। হয়ে গেল কিংস-কলিনদ্রেস জুটির সমাপ্তি।
২০১৮ সালের সেপ্টেম্বরে ঘটা করে কলিনদ্রেসকে এনেছিল ঘরোয়া ফুটবলের নবাগত শক্তিধর দল বসুন্ধরা কিংস। কোস্টা রিকার হয়ে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ খেলা এই ফরোয়ার্ডকে নিয়ে সমর্থকদের প্রত্যাশাও ছিল অনেক। প্রতিদানও দিয়েছিলেন তিনি।
প্রাণঘাতী করোনাভাইরাসে বাতিল হয়ে যাওয়া প্রিমিয়ার লিগে তিন গোল করেছিলেন কলিনদ্রেস। তার আগের মৌসুমের লিগে ৩৫ বছর বয়সী এই ফরোয়ার্ড গোল করেন ১১টি। একটি করে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপ জিতে বিদায় নিলেন তিনি।
রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ফেডারেশন কাপের ফাইনালে দলের ২-১ ব্যবধানে জয়ে দুটি গোলই করেছিলেন কলিনদ্রেস। অল্প সময়ের মধ্যে ঘরোয়া ফুটবলে আলোচিত হয়ে ওঠা এই ফরোয়ার্ডকে বিদায় বলতে গিয়ে তাই হতাশ কিংস।
“আসলে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ আছে। দেনিয়েলের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়েছে গত মে মাসে। এএফসি কাপ শুরু হবে অক্টোবর নাগাদ। এই যে দীর্ঘবিরতি, এ সময়ে দেনিয়েলকে বসিয়ে রেখে ওর বেতন দেওয়া আমাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। তাই ওর সঙ্গে আমরা চুক্তি সমাপ্ত ঘোষণা করছি।”
“এএফসি কাপে যেহেতু আমরা অংশগ্রহণ করব, সেহেতু আমাদের তো চিন্তা-ভাবনা আছেই ওর সমমানের বা ওর চেয়ে ভালো কোনো খেলোয়াড়কে দলে নেওয়ার। যেন এএফসিতে ভালো রেজাল্ট করতে পারি। অনেকের সঙ্গে যোগাযোগ করেছি। দেখা যাক কি হয়।”
খেলোয়াড় হিসেবে তো বটেই, তার চেয়েও দলের সবাই ‘ব্যক্তি কলিনদ্রেসকে’ বেশি মিস করবেন বলে জানালেন দলটির সভাপতি ইমরুল হাসান।
“খেলোয়াড় কলিনদ্রেসের বিদায়ের চেয়ে ব্যক্তি কলিনদ্রেসকে আমরা মিস করব। আমার মনে হয়, এ দেশের মানুষের সাথে সে যেভাবে মিশছে, বিদেশি হিসেবে, এটা পরম পাওয়া ছিল। সাধারণত বিদেশিদের এমনটা দেখা যায় না। মানুষ হিসেবে সে উদার মনের। খেলোয়াড় কলিনদ্রেসের বিকল্প হয়ত খুঁজে পাব, কিন্তু ব্যক্তি কলিনদ্রেসকে খুঁজে পাওয়া মুশকিল।”
