২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির চোট শঙ্কা

বার্সেলোনার মাঠে ফেরার ম্যাচে লিওনেল মেসির খেলা নিয়ে শঙ্কা জেগেছে। স্পেনের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অ্যাবডাক্টরে চোট পেয়েছেন আর্জেন্টাইন তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2020, 02:07 PM

Updated : 18 Aug 2022, 03:07 PM

টিভিথ্রি’র প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার অনুশীলনের শেষ দিকে মেসি ডান পায়ে ব্যথা অনুভব করেন। এমএরআই স্ক্যানে তার অ্যাবডাক্টরে হালকা চোট ধরা পড়ে। বুধবার দলের সঙ্গে অনুশীলনও করতে পারেননি বার্সেলোনা অধিনায়ক।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন মাঠে ফিরতে যাচ্ছে লা লিগা। আর ১৩ জুন রিয়াল মায়োর্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবে বার্সেলোনা। তবে, টিভিথ্রি’র বরাত দিয়েই এএস জানিয়েছে ওই ম্যাচে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তার কথা।

অ্যাবডাক্টর চোট কাটিয়ে উঠতে সাধারণত ১০ দিনের মতো সময় লাগে। মায়োর্কা ম্যাচ মাঠে গড়াতে বাকি আর ৯ দিন।

বুধবার দলের সঙ্গে মেসি অনুশীলন না করার কারণেই মূলত এসব গুঞ্জনের উৎপত্তি। তবে মুন্দো দেপোর্তিভোকে দেওয়া সাক্ষাৎকারে সব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বার্সেলোনার এক মুখপাত্র। জানিয়েছেন, সময়ের অন্যতম সেরা ফুটবলারের কোনো চোট সমস্যা নেই। পরিকল্পনার অংশ হিসেবেই বুধবার তিনি দলের সঙ্গে অনুশীলন না করে একা অনুশীলন করেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লিগে ১৯ গোল করেছেন মেসি। করিয়েছেন ১২টি। ২৭ রাউন্ডে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রিয়াল মাদ্রিদ।