উপভোগের বার্তা দিয়েছেন জিদান: বেনজেমা
মৌসুম স্থগিত হওয়ার আগে ধারাবাহিকতা ছিল না রিয়াল মাদ্রিদের খেলায়। অনাকাঙ্ক্ষিত বিরতিতে নিজেদের গুছিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে স্পেনের সফলতম দলটি। করিম বেনজেমা জানিয়েছেন, মাঠে ধারাবাহিকতা ফিরে পেতে খেলোয়াড়দের মাঠে নিজেদের উপভোগ করার পরামর্শ দিয়েছেন কোচ জিনেদিন জিদান।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় তিন মাসের বিরতি শেষে আগামী ১১ জুন পুনরায় শুরু হচ্ছে স্প্যানিশ লা লিগা। লিগে বাকি আছে ১১ রাউন্ডের খেলা। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।
কোপা দেল রে থেকে বিদায় নেওয়া দলটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নিজেদের মাঠে ম্যানচেস্টার সিটির কাছে হারে ২-১ ব্যবধানে। ইউরোপিয়ান শীর্ষ এই প্রতিযোগিতা পুনরায় শুরুর চেষ্টা করছে উয়েফা।
ছবি: রিয়াল মাদ্রিদ
পরের দিন মঙ্গলবার অনুশীলন শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে খেলা শুরুর জন্য অধীর অপেক্ষায় থাকার কথা জানান বেনজেমা।
“বলের স্পর্শ ছাড়া দুই মাস কাটিয়ে দেওয়া সহজ নয়। আমরা এখন ভালো অবস্থায় আছি এবং একসঙ্গে কঠোর পরিশ্রম চালিয়ে যাব। আমরা আজ (মঙ্গলবার) একটা ম্যাচ খেলেছি এবং সবাই ভালো বোধ করছি। আমরা জানি আমাদের প্রতিটা ম্যাচই জিততে হবে। আমাদের ও ক্লাবের জন্য এটা গুরুত্বপূর্ণ, আর এজন্য আমরা নিজেদের উজাড় করে দিতে যাচ্ছি।”
“জিদানের বার্তা হলো খেলার সময় নিজেদের উপভোগ করা। এই সপ্তাহে আমরা আবারও অনুশীলনে আরও বেশি বলের ব্যবহার শুরু করেছি। গত সপ্তাহের চেয়ে অনুশীলন ছিল আরও বেশি ফিটনেসকেন্দ্রীক। বল নিয়ে আবার সবাই একসাথে অনুশীলনে ফেরাটা দারুণ ব্যাপার। কারণ, ঘরে বল নিয়ে অনুশীলন করা কঠিন।”
