একক অনুশীলনে ফিরছেন ফুটবলাররা
সুড়ঙ্গের শেষে আলো দেখতে শুরু করেছেন কেউ কেউ। জেগেছে থমকে থাকা লিগ শুরুর সম্ভাবনা। করোনাভাইরাস পরিস্থিতির একটু উন্নতির মাঝে ইউরোপের কয়েকটি দেশে ফুটবল ক্লাবগুলোর মিলেছে অনুশীলনে ফেরার অনুমতি।
বুন্ডেসলিগার ফুটবলাররা আগে থেকেই অনুশীলন করছেন। অনুশীলন শুরুর সম্ভাবনা দেখে যুক্তরাজ্যের বাইরে থাকা ফুটবলারদের ফিরে আসার নির্দেশ দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসি।
আপাতত একক অনুশীলনের সুযোগ পেয়েছেন স্পেনের লা লিগা ও ইতালির সেরি আর ফুটবলাররা।
আগামী বুধবার করোনাভাইরাস পরীক্ষা হতে পারে বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মূল দলের ফুটবলারদের। সব ঠিক থাকলে পরীক্ষার ফল পাওয়া সাপেক্ষে শুক্রবার অনুশীলন শুরু করতে পারেন আতলেতিকোর খেলোয়াড়রা।
পরীক্ষার ফল জানার পর ক্লাব ফিজিওর তত্ত্বাবধানে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলনে ফিরতে পারেন বার্সেলোনার ফুটবলাররা। এখনও অবশ্য কোনো দিনক্ষণ জানায়নি তারা। স্পেনের সফলতম দল রিয়াল মাদ্রিদ জানিয়েছে, ১১ মে শুরু হতে পারে তাদের অনুশীলন।
অনুশীলনের নির্দেশনা আগেই ক্লাবগুলোকে দিয়েছে লা লিগা কর্তৃপক্ষ। চার ধাপে অনুশীলন চলবে, এতে সময় লাগবে এক মাসের মতো। এই পর্যায় সম্পন্ন হওয়ার পর আবার খেলায় ফিরতে পারেন ফুটবলাররা।
কবে ফুটবল শুরু হবে, এ নিয়ে স্পেন সরকার কিছু বলবে না। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস জানিয়েছেন, পেশাদার খেলা শুরু হওয়ার সময় নির্ধারণ করবে সংশ্লিষ্ট ফেডারেশন।
ইতালির শীর্ষ লিগের দল সাস্সুয়োলো, রোমা, স্পাল, বোলোনিয়া ও পার্মা আগামী সপ্তাহে অনুশীলন শুরু করার কথা জানিয়েছে।
তারকা ফরোয়ার্ড ক্রিস্তিয়ানো রোনালদো এখনও ইতালিতে ফেরেননি। লকডাউন শুরুর আগে থেকেই নিজ দেশ পর্তুগালে আছে ইউভেন্তুসের এই ফরোয়ার্ড।
