২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যানচেস্টার সিটি ছাড়ার ইঙ্গিত ডে ব্রুইনের

ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতায় ম্যানচেস্টার সিটির ওপর দুই বছরের নিষেধাজ্ঞাদেশ বহাল থাকলে ক্লাব ছাড়তে পারেন দলটির তারকা ফুটবলার কেভিন ডে ব্রুইনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2020, 08:29 PM

Updated : 08 Apr 2022, 12:43 AM

উয়েফা ক্লাব লাইসেন্স সংশ্লিষ্ট ও ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের নিয়ম ভাঙায় গত ১৫ ফেব্রুয়ারি সিটিকে আগামী দুই মৌসুমের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় নিষিদ্ধ করে উয়েফা। একই সঙ্গে জরিমানা করা হয় তিন কোটি ইউরো। অভিযোগ অস্বীকার করে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে ম্যানচেস্টারের ক্লাবটি।

নিষেধাজ্ঞা বহাল থাকলে এতদিন ইউরোপিয়ান প্রতিযোগিতা খেলতে না পারাটা তার মেনে নেওয়া কঠিন হবে বলে বেলজিয়ামের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে জানান ডে ব্রুইনে।

সিটি অবশ্য বেলজিয়ামের এই মিডফিল্ডারসহ দলের অন্যদের আশ্বস্ত করেছে যে ভয়ের কিছু নেই, তারা নির্দোষ।

“ক্লাব আমাদের বলেছে যে তারা নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করবে এবং আমাদের আশ্বস্ত করেছে, তারা শতভাগ নির্দোষ। আমার ক্লাবের প্রতি আমার আস্থা আছে: তারা যখন বলছে এটা সত্যি, তাই আমি তাদের বিশ্বাস করি। আমরা অপেক্ষা করব এবং দেখব কী ঘটে।”

“দুই বছর (চ্যাম্পিয়ন্স লিগ ছাড়া) দীর্ঘ সময়। এক বছর হলে হয়তো মানিয়ে নিতে পারতাম।”

করোনাভাইরাসের প্রভাবে ফুটবল স্থগিত হওয়ার আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়সূচক গোলটি করেন ডে ব্রইনে।

আগামী মৌসুম শেষে সিটির সঙ্গে কোচ পেপ গুয়ার্দিওলার চুক্তির মেয়াদ শেষ হবে। তবে দল ছাড়ার সিদ্ধান্ত নিলে এর সঙ্গে কোচের চুক্তির মেয়াদের কোনো সম্পর্ক থাকবে না বলে জানান ২০১৫ সালের অগাস্টে ছয় বছরের চুক্তিতে সিটিতে নাম লেখানো ডে ব্রুইনে।

তবে সিটির প্রতি ভালোবাসার কমতি নেই ২৮ বছর বয়সী এই তারকার।

“গত কয়েক বছরে অনেকগুলো ক্লাব আমার প্রতি আগ্রহ দেখিয়েছে, আমার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চেয়েছে। তবে আমি ম্যানচেস্টার সিটিতে সুখে আছি। আমি বিশ্বের অন্যতম সেরা দলে খেলি। আমি খেলি ইংল্যান্ডে, প্রতিদ্বন্দ্বিতার দিক থেকে আমার চোখে এটি সেরা লিগ।”