২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলান্ডের অনুপ্রেরণা রোনালদো

দৃঢ় মানসিকতা, নিবেদন, ভালো করার ক্ষুধা, পরিশ্রম, সব মিলিয়ে ক্রিস্তিয়ানো রোনালদো হয়ে উঠেছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার। নিঃসন্দেহে তিনি অনেক তরুণ ফুটবলারের নায়ক। যেমনটি আর্লিং হলান্ডের কাছেও। নরওয়ের সম্ভাবনাময় এই তরুণ ফরোয়ার্ড জানিয়েছেন, ছেলেবেলা থেকে পর্তুগিজ ফরোয়ার্ডকে অনুসরণ করেন তিনি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2020, 10:56 PM

Updated : 08 Apr 2022, 12:42 AM

রোনালদোর শ্রেষ্ঠত্ব প্রমাণ তার পারফরম্যান্সে, পরিসংখ্যানের পাতায়। পাঁচবার জিতেছেন ব্যালন ডি’অর। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ৩৫ বছর পেরিয়েও মাঠে শাসন করে চলেছেন।

সম্ভাবনা আর প্রত্যাশার ডালি সাজিয়ে গত জানুয়ারিতে হলান্ড যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে। দুই মাসের কম সময়ে চিনিয়েছেন নিজের জাত। বুন্ডেসলিগায় অভিষেক ম্যাচে বদলি নেমে ২৩ মিনিটে হ্যাটট্রিক করে দেন উজ্জ্বল ভবিষ্যতের বার্তা। দলটির হয়ে ইতোমধ্যে ১২ গোল করা এই ফরোয়ার্ডকে দলে টানতে রিয়াল মাদ্রিদ আগ্রহী বলে সংবাদমাধ্যমের খবর।

এর আগে সালসবুর্কে ছিলেন ১৮ মাস। সব ধরনের প্রতিযোগিতা মিলে সেখানে করেন ২৮ গোল। অনেকের চোখে হলান্ড হয়ে উঠেছেন ভবিষ্যৎ তারকা।

রোনালদোর খেলা দেখে বড় হওয়া ১৯ বছর বয়সী হলান্ড ইএসপিএনকে জানিয়েছেন, পর্তুগালের অধিনায়ককে পছন্দ করার কারণ।

“শুধু রোনালদোর চেহারায় দেখা যায় যে ‘আজ আমিই সেরা এবং আমি গোল করব’ এবং তিনি তাই করেন।”

“মাঠে সফল ও সেরা হওয়ার জন্য তারা কতটা নিবেদিত ও ক্ষুধার্ত, বিষয়টি আমার খুব পছন্দ।”