২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘রিয়ালে চলে এসো, লাৎসিওতে কি করো?’

প্রীতি ম্যাচে সুযোগটা নিয়েছিলেন রিয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার ফের্নান্দো হিয়েরো। লাৎসিও থেকে সান্তিয়াগো বের্নাবেউয়ে নিয়ে আসতে চেয়েছিলেন আলেস্সান্দ্রো নেস্তাকে। সেই সময়ের অন্যতম সেরা ডিফেন্ডারকে চমকে দিয়ে হিয়েরো বলেছিলেন, রিয়ালে চলে এসো, লাৎসিওতে কি করো? সেই প্রস্তাবে অবশ্য রাজি হননি নেস্তা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2020, 01:02 AM

Updated : 18 Aug 2022, 02:56 PM

স্পেনে রিয়ালের বিপক্ষে প্রীতি ম্যাচের সেই গল্প ইনস্টাগ্রামে জাতীয় দলের এক সময়ের সতীর্থ ক্রিস্তিয়ান ভিয়েরিকে শুনিয়েছেন ২০০৬ বিশ্বকাপজয়ী নেস্তা।

“ম্যাচ শেষে ফের্নান্দো হিয়েরো বাসের কাছে এসে আমাকে বলেন, তোমার রিয়াল মাদ্রিদে আসতে হবে, তুমি লাৎসিওতে কি করো?

“আমি বলেছিলামম, ‘পাগল নাকি’, আমি লাৎসিওতে খেলি। এরপর তিনি আমার দিকে তাকিয়েছিল এবং নিশ্চয়ই ভেবেছিলেন, আমি পাগল।”

নেস্তাকে খুঁজে বের করেছিলেন রোমার একজন স্কাউট। তবে তার বাবা ছিলেন, লাৎসিওর ভক্ত। তিনি প্রস্তাব ফিরিয়ে দেন। রোমে জন্ম নেওয়া নেস্তা ১৯৮৫ সালে যুব ক্যারিয়ার শুরু করেন লাৎসিওতে। স্ট্রাইকার, মিডফিল্ডার হিসেবেও খেলা নেস্তা থিতু হন ডিফেন্ডার হিসেবে। সেন্টার-ব্যাক হিসেবে নিজেকে নিয়ে যান সময়ের সেরাদের উচ্চতায়।

বাবার মতো নেস্তা নিজেও ছিলেন লাৎসিওর ভক্ত। তার মতে, এই গল্প লাৎসিওর হয়ে খেলার সময় দলটির প্রতি তার নিবেদনের প্রমাণ। আর্থিক সঙ্কট কিছুটা লাঘবে ২০০২ সালে এসি মিলানের কাছে নেস্তাকে বিক্রি করে দেয় লাৎসিও। মিলানে পাওলো মালদিনি, কাফু, ইয়াপ স্টাম ও আলেস্সান্দ্রো কোস্তাকুর্তার সঙ্গে গড়ে তোলেন দুর্ভেদ্য এক রক্ষণ।    

মিলানের হয়ে দুটি করে সেরি আ ও চ্যাম্পিয়ন্স লিগসহ জেতেন ১০টি শিরোপা।

বর্তমানে দ্বিতীয় স্তরের দল ফ্রোসিনোনের দায়িত্বে থাকা ৪৪ বছর বয়সী এই কোচ পেছনে ফিরে তাকিয়ে নিজের অর্জনে খুশি।

“শেষ পর্যন্ত আমি কৃতজ্ঞ, কারণ মিলান আমাকে ইউরোপেও নিজেকে চেনানোর সুযোগ দিয়েছিল এবং আমরা দারুণ কিছু করেছিলাম।”