ফুটবলারদের ‘বিকল্প পথ’ খুঁজতে হবে
করোনাভাইরাসের ছোবলে অন্য সব খেলার মত ফুটবলও বন্ধ রয়েছে এক মাসের বেশি সময় ধরে। আবার কবে মাঠে গড়াবে খেলা, নিশ্চয়তা দিতে পারছে না কেউ। অনির্দিষ্টকালের জন্য খেলা বন্ধ থাকায় অদূর ভবিষ্যতে আর্থিক সঙ্কটে পড়তে পারেন ফুটবলাররা। তাই এখনই তাদের প্রস্তুতি নেওয়া দরকার বলে মনে করেন গ্যারি নেভিল। ফুটবলারদের অন্য বিষয়ে দক্ষতা অর্জনের পরামর্শও দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক।
ক্লাবের সঙ্গে অনেক খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে আগামী জুনে। চুক্তি নবায়ন কিংবা নতুন ক্লাবে যেতে সমস্যা হতে পারে তাদের। খেলা বন্ধ থাকায় খেলোয়াড়রা সবাই এখন ঘরবন্দি। সময়টা তাদের কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন নেভিল।
“আমি যদি আজ ফুটবল খেলোয়াড় থাকতাম, তাহলে আমি অনলাইনে কিছু শিখতাম, একটা ডিগ্রি নিতাম। দ্বৈত দক্ষতা অর্জনের চেষ্টা করতাম। এটি ভয় পাওয়ার জন্য বলা না। এমন নয় যে তাদের ক্যারিয়ার শেষ। এটি কেবল পরিকল্পনা।”
“ফুটবলে চাকরি কমে যাবে, অর্থও কমে যাবে। খেলোয়াড়দের পরের বছর ফুটবলের বাইরে গিয়ে অন্য চাকরি করতে হতে পারে, কিংবা এর পরের বছর অন্য কিছু করতে হতে পারে। সত্যি, এমন কিছু হতে যাচ্ছে।”
“এমন কিছুর জন্য এখনই তাদের পরিকল্পনা করতে হবে। স্মার্ট ব্যক্তিরা দ্রুত মাথা খাটাবে এবং আলাদা দক্ষতা অর্জন করবে। পরিবারের জন্য অর্থ উপার্জনে স্বল্পমেয়াদী কোন কাজটি তারা করতে পারে, সেটি দেখবে।”
