২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তহবিল গড়ছেন টেনিসের ‘বিগ থ্রি’

বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রভাবে অন্যান্য খেলার মত বন্ধ রয়েছে টেনিসও। খেলা বন্ধ থাকায় র‍্যাঙ্কিংয়ের নিচের সারির খেলোয়াড়দের আয় প্রায় বন্ধ হয়ে গেছে। তাদের আর্থিক সহায়তার জন্য এগিয়ে এসেছেন টেনিসের ‘বিগ থ্রি’ রজার ফেদেরার, নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2020, 06:29 PM

Updated : 18 Aug 2022, 02:53 PM

টেনিসের এই ত্রয়ী একটি তহবিল গঠন করছেন। আরেক টেনিস খেলোয়াড় স্তানিস্লাস ভাভরিঙ্কার সঙ্গে শনিবার ইন্সটাগ্রামে আলাপচারিতায় বিষয়টি জানান বিশ্বের এক নম্বর খেলোয়াড় জোকোভিচ।

“বিশ্ব র‍্যাঙ্কিংয়ে যারা দুইশ থেকে আড়াইশর মধ্যে এবং ৭০০ বা ১০০০তম তে আছে, তাদের বেশিরভাগই ফেডারেশনের সাহায্য পায় না, তাদের স্পন্সরও নেই। তারা পুরোপুরি নিজের ওপর নির্ভরশীল ও একা। অনেকেই টেনিস ছাড়ার কথা ভাবছে, বিশেষ করে যারা র‍্যাঙ্কিংয়ে সাতশর পরে আছে।”

সার্বিয়ান তারকা জানান, খেলোয়াড়রা, এটিপি এবং চারটি গ্র্যান্ড স্ল্যাম মিলে এই তহবিল গঠন করা হবে। যেখান থেকে এটিপি সবাইকে আর্থিক সহায়তা দেবে। ৩০ থেকে ৪৫ লাখ ডলার বিতরণ করা যেতে পারে, ধারণা জোকোভিচের।

তাদের এই পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন র‌্যাঙ্কিংয়ে ৪৩তম স্থানে থাকা জন মিলম্যান। তার মতে, অতীতে র‌্যাঙ্কিংয়ের নিচের সারির খেলোয়াড়দের ভালো অর্থ দেওয়া উচিত ছিল।

“র‍্যাঙ্কিংয়ে ২৫০-৭০০ তে থাকা খেলোয়াড়দের সাহায্য করাই যদি ভাবনা হয়, তাহলে এটা বুঝতে বৈশ্বিক মহামারীর প্রয়োজন হলো কেন?”