স্বপ্ন দেখার বয়সে ‘অনিয়মিত লিগের’ ধাক্কা
পাইওনিয়ার লিগের পর থেকে উঠতি ফুটবলাররা স্বপ্নের ছবিগুলো আঁকতে শুরু করে নতুন রঙে। ডানা মেলতে থাকে আকাঙ্ক্ষারা। কিন্তু ধাক্কায় খেয়ে বাস্তবতার জমিনে পড়তেও সময় লাগে না। তৃতীয়, দ্বিতীয় ও প্রথম বিভাগ লিগ, স্বপ্নের পথ ধরে ছুটে চলার এই প্রতিযোগিতাগুলো যে বড্ড অনিয়মিত! আশা-নিরাশার দোলাচলে থেকে এক পর্যায়ে ঝরে যায় অনেকে। এই পর্যায়ে কাজ করা কোচ আরমান হোসাইন মনে করেন, অনিয়মিত লিগের ধাক্কায় টালমাটাল হয়ে ওঠে উঠতিদের ভবিষ্যৎ।
পাইওনিয়ার, তৃতীয়-দ্বিতীয়-প্রথম বিভাগ এবং চ্যাম্পিয়নশিপ লিগ-ফুটবলার তৈরির এই পর্যায়গুলোতে সীমাবদ্ধতা অনেক। মাঠ নেই। অর্থ নেই। সময়োপযোগী পরিকল্পনা নেই। লেপ্টে আছে ম্যাচ গড়াপেটার কালি। আছে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) উদাসীনতা, আমলাতান্ত্রিক জটিলতা, স্বজনপ্রীতি। চলে ম্যাচ পাতানোর কেলেংকারিও।
ঘরোয়া ফুটবলের এই পর্যায়ের নানা সমস্যা ও সমাধানের পথ নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সঙ্গে কথা বলেছেন একাধিক কোচ। তাদের কথায় উঠে এসেছে নানা সাদা-কালো দিক। ধারাবাহিক এই আয়োজনে কোচ আরমান বললেন অনিয়মিত লিগের কথা। সম্ভাবনাময় ক্লাবগুলোর হারিয়ে যাওয়াতেও সঙ্কট বাড়ে বলে মনে করেন ৪৯ বছর বয়সী এই কোচ।
অনিয়মিত লিগ, অনিশ্চিত ভবিষ্যৎ
চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) নিয়মিত হয়। বাকিগুলোর অবস্থা যাচ্ছেতাই। ২০১৫ সালের পর তিনটি বছর লাপাত্তা করে দিয়ে সর্বশেষ ২০১৮ সালে মাঠে গড়িয়েছিল তৃতীয় বিভাগ। দ্বিতীয় বিভাগের সবশেষ তিনটি প্রতিযোগিতার সাল যথাক্রমে ২০১৫, ২০১৭ ও ২০১৯।
প্রথম বিভাগের অবস্থাও তথৈবচ। ২০১৪ সালের পর তিন বছর বিরতি দিয়ে লিগ আরেকবার দেখেছিল আলোর মুখ। সবশেষ ২০১৯ সালে হয়েছে এই প্রতিযোগিতা।
লিগ অনিয়মিত হলে ক্যারিয়ার নিয়ে উঠতিরা আতঙ্কিত হয়ে পড়ে বলে জানালেন কারওয়ান বাজারকে গত বিসিএলের মুকুট উপহার দেওয়া আরমান।
“আমাদের দেশে এই লিগগুলো নিয়মিত হয় না। যেটা বড় একটা সমস্যা। ২০১৮-তে তৃতীয় বিভাগে কোচিং করিয়েছি, এখন ২০২০ চলে, মাঝের দুই বছরে হয়নি। তাহলে যে ছেলেটা এবার তৃতীয় বিভাগে খেলছে, পরের বছরে যদি ওপরের ধাপে সে খেলতে না পারে, বা তৃতীয় বিভাগে যে দলে খেলেছিল, লিগ বন্ধ থাকায় তাদের হয়েও খেলতে না পারে, তাহলে কোন স্বপ্ন নিয়ে খেলা চালিয়ে যাবে?”
নিজস্ব আয়ের উৎস না থাকায় ক্লাবগুলোকে চেয়ে থাকতে হয় স্থানীয় ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষীদের অনুদানের দিকে। ক্লাবগুলোর এই পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়া বা না নেওয়া নির্ভর করে টাকা জোগাড়ের ওপর, জানালেন আরমান।
“এই ক্লাবগুলোর পৃষ্ঠপোষক থাকে না। এলাকার বড় ভাই, ব্যবসায়ীদের কাছ থেকে সাহায্য নিয়ে অনেক কষ্ট করেই ক্লাবগুলো চলে। যখন একটা ক্লাবের আয়ের নিজের উৎস থাকে না, তখন তারাও লিগগুলোতে নিয়মিত খেলতে চাইবে না-এটাই স্বাভাবিক। কিন্তু এতে করে ফুটবলাররা তো বটেই, আমরা যারা কোচ, তারাও ক্ষতির শিকার হই।”
ঝরে যায় ক্লাব, কঠিন হয় পথচলা
জুরাইন জনতা, মিরপুর চলন্তিকা, অভিযাত্রীক মালীবাগ, ইস্কাটন সবুজ সংঘ, পল্লীমা সংসদ ও ইউরো ফেমাস-দারুণ সম্ভাবনার আলো জ্বালানো এমন আরও অনেক ক্লাব কোচদের ভাষায় ‘ভ্যানিশ’ হয়ে গেছে এই পর্যায়ের ফুটবল থেকে । অর্থাভাবে, সাংগঠনিক দুর্বলতায় মৃতপ্রায় অনেকগুলো।
এই রুঢ় বাস্তবতার মধ্যে অনেকে আবার শখের বশে ক্লাব প্রতিষ্ঠা করেন! কিন্তু খরচের সঙ্গে লাভের অঙ্ক মিললে পাততাড়ি গুটিয়ে ফেলেন হঠাৎ করে। এতে কোচ-খেলোয়াড়দের পথচলার পরিকল্পনাও এলোমেলো হয়ে যায়, বললেন কোচ আরমান।
প্রয়োজন মাঠ সমস্যার সমাধান ও পৃষ্ঠপোষকতার
‘সি’ লাইসেন্সধারী কোচ আরমান নিজের ফুটবল ক্যারিয়ার রাঙাতে পারেননি। অনূর্ধ্ব-১৬ দলে ছিলেন, কিন্তু পরিবারের আপত্তিতে পারেননি এগোতে। ২০০০ সালে কোচিং ক্যারিয়ার শুরু করা এই কোচ সবশেষ কাজ করেছেন কারওয়ান বাজার প্রগতী সংঘ (বিসিএল), কদমতলা (তৃতীয় বিভাগ), ইস্টার্ন ক্লাবে (দ্বিতীয় বিভাগ)।
প্রায় দুই দশকের কোচিং ক্যারিয়ারে এই পর্যায়ে সীমাবদ্ধাতা খুব কাছ থেকে দেখেছেন আরমান। সেই অভিজ্ঞতা থেকে তার বিশ্বাস, মাঠ আর ক্লাবগুলোর আর্থিক সঙ্কট দূর হলে অনেক সমস্যার সমাধান মেলে।
“সবচেয়ে বড় সমস্যা ক্লাবগুলোর ট্রেনিং গ্রাউন্ড নাই। ভালো ফুটবল খেলতে হলে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ ধুপখোলা মাঠে, তো কাল অন্য মাঠে,এভাবে ছুটোছুটি করে তো আর ভালো ট্রেনিং হয় না।”
“প্রতিবছর একটা ক্লাবের ১৫ থেকে ২০ লাখ টাকা খরচ আছে। এটা বহন করতে ক্লাবগুলোর নিজেদের আয়ের উৎস থাকা দরকার। পৃষ্ঠপোষকদের টানতে আরও পেশাদার হওয়া উচিত। কেননা, স্পন্সরদের সেভাবে বোঝাতে না পারলে কেউ তো আর সেধে টাকা দিতে আসবে না।”
