শেষ আটের পথে ম্যানচেস্টার ইউনাইটেড
ইংলিশ প্রিমিয়ার লিগে বারবার ছন্দ হারানো ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগে দারুণ এক জয় পেয়েছে। অস্ট্রিয়ার ক্লাব এলএএসকে-কে উড়িয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে এগিয়ে গেছে উলে গুনার সুলশারের দল।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি এড়াতে বৃহস্পতিবার দর্শকশূন্য মাঠে গড়ায় ম্যাচটি। শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচটি ৫-০ গোলে জেতে ইউনাইটেড।
ম্যাচের ২৮তম মিনিটে ডি-বক্সের মুখ থেকে জোরালো উঁচু শটে সফরকারীদের এগিয়ে নেন নাইজেরিয়ার ফরোয়ার্ড ওদিওন ইঘালো। জায়গা থেকে নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।
৫৮তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনকে সুযোগ না দিয়ে নিচু শটে বল জালে পাঠান ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল জেমস। এবারও জায়গায় দাঁড়িয়ে দেখেন গোলরক্ষক। ৮২তম মিনিটে প্লেসিং শটে স্কোরলাইন ৩-০ করেন হুয়ান মাতা।
ফিরতি লেগে আগামী বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি দল দুটি।
