ম্যাচ স্থগিতে ভোট গুয়ার্দিওলার
করোনাভাইরাসের বিস্তৃতি ঠেকাতে বিভিন্ন ফুটবল লিগের ম্যাচ দর্শকশূন্য মাঠে আয়োজন করা হচ্ছে। কিছু ম্যাচ করা হচ্ছে স্থগিত। তবে খালি মাঠে খেলার চেয়ে ম্যাচ স্থগিত করাকে সমর্থন করছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।
ইউরোপের অন্যান্য লিগগুলো ইতোমধ্যে দর্শকশূন্য মাঠে খেলা শুরু করে দিয়েছে। গুয়ার্দিওলা মনে করছেন, প্রিমিয়ার লিগেও এই সিদ্ধান্ত আসছে। তবে নিজের ভোট খেলা স্থগিতেই দিলেন ম্যানচেস্টার সিটির কোচ।
“দর্শক ছাড়া কী ফুটবল জমে? যদি মানুষ নাই আসতে পারে, তাহলে খেলার কোনো মানে নেই। যেটা করতেই হবে, আমরা সেটা করব। কিন্তু আমি দর্শক ছাড়া খেলতে পছন্দ করছি না।”
এই সপ্তাহেও ইউরোপের বেশ কিছু লিগের ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলা হবে। এর মধ্যে অন্যতম বৃহস্পতিবার হতে যাওয়া ম্যাচেস্টার ইউনাইটেড ও উলভারহ্যাম্পটন ওয়ানডারার্সের মধ্যকার ম্যাচ।
এ ছাড়া চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার ভালেন্সিয়া- আতালান্তা, বুধবার পিএসজি- বরুসিয়া ডর্টমুন্ডের ম্যাচ হবে খালি মাঠে। লা লিগায় বার্সেলোনা ও নাপোলির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচেও থাকবে না কোনো দর্শক।
আগামী দুই সপ্তাহের স্প্যানিশ লিগের ম্যাচ হবে দর্শকশূন্য মাঠে। গুয়ার্দিওলা মনে করেন, প্রিমিয়ার লিগেও এটা হবে।
“প্রিমিয়ার লিগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ অথবা অন্য কোনো প্রতিযোগিতায় শূন্য মাঠে খেলা পছন্দ করব না। কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে দেয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।”
