২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয়ার্ধের ২ গোলে বায়ার্নের জয়

প্রথমার্ধে বায়ার্ন মিউনিখকে বেঁধে রাখতে পারল আউক্সবুর্ক। দ্বিতীয়ার্ধে ঠিকই পথ খুঁজে নিল জার্মান চ্যাম্পিয়নরা। কঠিন লড়াইয়ে জিতে শিরোপা ধরে রাখার পথে এগিয়ে গেল আরেক ধাপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2020, 10:59 PM

Updated : 08 Apr 2022, 12:26 AM

নিজেদের মাঠে রোববার বুন্ডেসলিগার ম্যাচটি ২-০ গোলে জেতে বায়ার্ন। দ্বিতীয়ার্ধের শুরুতে টমাস মুলারের গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন লিয়োন গোরেৎস্কা।

এই জয়ে দ্বিতীয় স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ডের চেয়ে চার পয়েন্ট এগিয়ে গেল হানসি ফ্লিকের দল। ২৫ ম্যাচে ১৭ জয় ও ৪ ড্রয়ে তাদের পয়েন্ট ৫৫।

আগের লিগ ম্যাচে হফেনহাইমকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া বায়ার্নকে এদিন চেনা ছন্দে দেখা যায়নি। ম্যাচে তারা প্রথম ভালো সুযোগ পায় ৪৩তম মিনিটে। সের্গে জিনাব্রির ক্রস বারের ওপর দিয়ে উড়িয়ে হতাশ করেন মুলার।

দ্বিতীয়ার্ধের শুরুতেই জালের দেখা পান ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান ডিফেন্ডার জেরোমে বোয়েটাং। ভেতরে ঢুকে নিখুঁত ভলিতে লক্ষ্যভেদ করেন অভিজ্ঞ জার্মান ফরোয়ার্ড।

৮৭তম মিনিটে জালে বল পাঠায় সফরকারীরা। তবে অফসাইডের কারণে গোলের বাঁশি বাজাননি রেফারি। যোগ করা সময়ে জিনাব্রির বাড়ানো বলে ঠিকানা খুঁজে নেন গোরেৎস্কা।