২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরামবাগকে হারালো পুলিশ এসসি

বড় হার দিয়ে ফেডারেশন কাপ শুরু করা বাংলাদেশ পুলিশ এসসি ঘুরে দাঁড়িয়েছে পরের ম্যাচে। আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে তুলে নিয়েছে দাপুটে জয়।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2019, 06:25 PM

Updated : 08 Apr 2022, 05:13 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শনিবার ‘এ’ গ্রুপের ম্যাচে আরামবাগকে ৩-১ গোলে হারায় পুলিশ এসসি। প্রথম ম্যাচে আবাহনী লিমিটেডের বিপক্ষে হেরেছিল ৪-০ ব্যবধানে।
 
৩২তম মিনিটে কর্নারের পর গোলমুখ থেকে নিখুঁত শটে লক্ষ্যভেদ করে পুলিশকে এগিয়ে নেন সিডনি রিভেরা। ৮২তম মিনিটে ইসা ফয়সালের ক্রস আইদের মামবেতালিয়েভ বুক দিয়ে নামিয়ে দেওয়ার পর প্লেসিং শটে ব্যবধান দ্বিগুণ করেন রিভেরা।
 
৮৯তম মিনিটে জাকির হোসেন জিকুর শট আইদেরের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ালে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় আরামবাগ। কিন্তু পরের মিনিটে রিভেরার ক্রস থেকে মোহাম্মদ স্বাধীন গোল করলে পুলিশের জয় নিশ্চিত হয়ে যায়।
 
দুই ম্যাচে একটি করে জয় ও হারে ৩ পয়েন্ট পুলিশ এসসির। ৩ পয়েন্ট আবাহনীরও। নিজেদের প্রথম ম্যাচে হারা আরামবাগের পয়েন্ট শূন্য।
 
গ্রুপের শেষ ম্যাচে আগামী মঙ্গলবার আরামবাগের মুখোমুখি হবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন আবাহনীর।