২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডের খুশি, ডের হতাশা

ভুটানকে উড়িয়ে দেওয়া ম্যাচে শিষ্যদের পারফরম্যান্সে দারুণ খুশি বাংলাদেশ কোচ জেমি ডে। ইংলিশ এই কোচের একটু হতাশাও আছে। ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়া গেলো না যে!

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2019, 10:12 PM

Updated : 08 Apr 2022, 04:47 PM

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার প্রথম প্রীতি ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। জোড়া গোল উপহার দেন নাবীব নেওয়াজ জীবন। একটি করে গোল বিপলু আহমেদ ও রবিউল হাসানের।

প্রথমার্ধেই জীবনের জোড়া গোলে কোণঠাসা হয়ে পড়া ভুটান ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান কমিয়ে। কিন্তু পরে বিপলু ও রবিউলের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচে শেষে দেওয়া প্রতিক্রিয়ায় আনন্দ-হতাশা দুটোই জানান কোচ ডে।

“ম্যাচের ফল নিয়ে আমি খুবই খুশি। কিন্তু ক্লিনশিট নিয়ে ফিরতে না পারায় হতাশ। ছেলেরা রক্ষণ জমাট রেখেছিল কিন্তু আমরা ক্লিন শিট নিয়ে ফিরতে পারিনি। তবে ছেলেরা ভালো খেলেছে। কাতারের বিপক্ষে ম্যাচে এ জয় আমাদের আত্মবিশ্বাস জোগাবে।”

দুপুরের ভারী বর্ষণে মাঠ কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে পড়েছিল। ডের ভাষায় ‘টেরিবল’ (ভয়ঙ্কর)। ভুটান কোচ পেমাও বড় ব্যবধানের হারের পেছনে মাঠকে ‍দুষলেন।

“কন্ডিশন খুব কঠিন ছিল। ছেলেরা খুবই ভালো খেলেছে। তাদের সর্বোচ্চটুকু দিয়েছে। আসলে আমরা এ ধরণের মাঠে খেলতে অভ্যস্ত নই।”

“বাংলাদেশ ভালো দল। আমরাও ভালো দল কিন্তু ওই যে বললাম, মাঠ খুব ভারি ছিল।”

জোড়া গোল করা ফরোয়ার্ড জীবনও মাঠ খেলার উপযোগী ছিল না বলে জানান।

“এরকম জয় আশা করে আমরা খেলতে নেমেছিলাম। সেটা পেয়েছি। মাঠ খারাপ ছিল। একারণে আমরা যেভাবে খেলার আশা করেছিলাম, সেভাবে খেলতে পারিনি।”

“মাঠের কারণে বল ভালোভাবে রিসিভ করতে পারছিলাম না। মুভমেন্ট বুঝতে পারছিলাম না। কিভাবে পাস দিব, কিভাবে রিসিভ করব সেটা ঠিক করতেও সমস্যা হচ্ছিল। আশা করি পরের ম্যাচে আমরা আরও ভালো খেলব।”

আগামী ৩ অক্টোবর দ্বিতীয় প্রীতি ম্যাচে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।

আগামী ১০ অক্টোবর নিজেদের মাঠে ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে কাতারের বিপক্ষে ‘ই’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর খেলবে অ্যাওয়ে ম্যাচ ভারতের বিপক্ষে। এ দুটি ম্যাচ সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলছে দল।