২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাজিল ম্যাচের পর ভিএআরকে ধন্যবাদ ভেনেজুয়েলার

ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি প্রযুক্তির (ভিএআর) কল্যাণে ব্রাজিলের বিপক্ষে বারবার বেঁচে যাওয়া ভেনেজুয়েলার কোচ রাফায়েল দুদামেল ম্যাচ শেষে এ প্রযুক্তির প্রশংসায় পঞ্চমুখ হলেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2019, 11:51 AM

Updated : 08 Apr 2022, 04:20 PM

সালভাদরে বাংলাদেশ সময় বুধবার সকালে কোপা আমেরিকার ‘এ’ গ্রুপের ম্যাচে স্বাগতিকদের গোলশূন্য ড্রয়ে রুখে দেয় ভেনেজুয়েলা।

প্রথমার্ধের শেষ দিকে রবের্তো ফিরমিনোর প্রচেষ্টা বিফলে যায় রেফারির ফাউলের বাঁশিতে। দ্বিতীয়ার্ধে গাব্রিয়েল জেসুস ও ফিলিপে কৌতিনিয়ো জালের দেখা পেলেও দুবারই ভিএআর প্রযুক্তির সাহায্য নিয়ে তা বাতিল করেন রেফারি।

পেরুর সঙ্গে ভেনেজুয়েলার গোলশূন্য ড্র করা প্রথম ম্যাচেও তাদের জালে দুটি গোল এ প্রযুক্তির কল্যাণে বাতিল হয়েছিল।

ম্যাচ শেষে দুদামেল বলেন, “ভিএআর দীর্ঘজীবী হোক।”

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে ড্র নিজেদের জন্য দারুণ ফল বলে মনে করেন তিনি।

“চমৎকার ব্যক্তি নৈপুণ্যের খেলোয়াড় নিয়ে গড়া একটা দলের বিপক্ষে আমরা প্রায় নিখুঁত ম্যাচ খেলেছি। ব্রাজিল আমাদের পরীক্ষা নিয়েছে কিন্তু দল বুঝেছিল তাদের কি করতে হবে এবং মনে রেখেছিল কোন কৌশলটা খাটানো প্রয়োজন। এটা আমাদের জন্য ঐতিহাসিক ফল।”

ম্যাচ শেষে ব্রাজিল কোচ তিতে ভিএআর প্রযু্ক্তিতে গোল বাতিল নিয়ে কোনো আপত্তি জানাননি।

“(ভিএআর নিয়ে) আমার অভিযোগ করার কিছু নেই।”