নেইমারের পাশে ব্রাজিল সতীর্থরা
ধর্ষণের অভিযোগে মর্মাহত নেইমারের পাশে এসে দাঁড়িয়েছেন তার জাতীয় দল সতীর্থ ফের্নান্দিনিয়ো। ব্রাজিলের এই মিডফিল্ডার জানিয়েছেন, এই অভিযোগের কারণে কোপা আমেরিকার প্রস্তুতি ব্যহত হতে দেবেন না তিনি ও অন্য খেলোয়াড়রা।
কদিন আগে নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনেন ব্রাজিলের এক নারী। অভিযোগ করেন গত ১৫ মে প্যারিসের একটি হোটেলে নেইমার তাকে ধর্ষণ করেন।
পিএসজির ফরোয়ার্ড অবশ্য লম্বা ভিডিও বার্তায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। ফের্নান্দিনিয়োর বিশ্বাস তার সতীর্থ নির্দোষ প্রমাণিত হবেন।
“খুব দুঃখ নিয়ে আমি এটা শুনেছিলাম এবং এটা আমার অদ্ভুত লেগেছিল। কেননা, প্যারিসে ভ্রমণের ১৫ দিন পর মেয়েটি তার বিরুদ্ধে অভিযোগ করল।”
“কিন্তু আমি মনে করি, বিষয়টি যত দ্রুত সম্ভব সুরাহা হয়ে যাবে। আমি বিশ্বাস করি, নেইমার নির্দোষ। আমরা খেলোয়াড়রা এবং স্টাফরা তার পাশে থাকব, যাতে মাঠে এর প্রভাব না পড়ে।”
আগামী ১৪ জুন ব্রাজিলে শুরু হবে কোপা আমেরিকা। উদ্বোধনী দিনে বলিভিয়ার বিপক্ষে খেলবেন নেইমাররা।
