২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংককে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ড্র

বিপলু আহমেদের গোলে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। থাই লিগের দল এয়ার ফোর্স ইউনাইটেড এফসির সঙ্গে ড্র করেছে জেমি ডের দল।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2019, 12:10 AM

Updated : 08 Apr 2022, 04:14 PM

ব্যাংককের এয়ার ফোর্স প্লে গ্রাউন্ডে মঙ্গলবার দুই দলের প্রীতি ম্যাচটি ১-১ সমতায় শেষ হয়। ২০২২ সালের কাতার বিশ্বকাপ প্রাক বাছাইয়ের প্রথম পর্বে লাওসের বিপক্ষে ম্যাচের জন্য এই প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ। আগামী ৬ জুন লাওসের মাঠে বাছাইয়ে প্রথম পর্বের ম্যাচ খেলবে দল।

থাইল্যান্ডে ম্যাচের চতুর্থ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। প্রতিপক্ষের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন বিপলু। ষোড়শ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। বাকিটা সময়ে কোনো দলই পায়নি জয়সূচক গোলের দেখা।

ম্যাচের ফল নিয়ে খুশি বাংলাদেশ কোচ ডে। তবে সুযোগ নষ্টের হতাশাও আছে তার, “ছেলেদের আজকের খেলায় আমি খুশি। তারা অনেক কাজ করছে। তবে গোল করার অনেক সুযোগও তারা নষ্ট করায় আমি হতাশও। সবমিলিয়ে দল ভালো অবস্থায় আছে। আমরা পরের প্রস্তুতি ম্যাচের দিকে তাকিয়ে আছি।”

গোলদাতা বিপলু প্রতিশ্রুতি দিয়েছেন প্রথম প্রস্তুতি ম্যাচের ভুল দ্বিতীয় ম্যাচে না করার, “অনেক দিন পর আমরা এয়ার ফোর্স ইউনাইটেডের বিপক্ষে ভালো একটা প্রস্তুতি ম্যাচ খেললাম। আমরা এ ম্যাচে যে ভুলগুলো করেছি, পরের ম্যাচে সেগুলো করব না। সম্মিলিতভাবে আমরা আরও ভালো খেলব।”