চীনে আর্চারি প্রতিযোগিতায় তৃতীয় রাউন্ডে রোমান-রুবেল
আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ-২-এর রিকার্ভ পুরুষ এককের তৃতীয় রাউন্ডে উঠেছেন বাংলাদেশের দুই প্রতিযোগী রোমান সানা ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।
চীনের সাংহাইতে হওয়া এই প্রতিযোগিতায় বুধবার তৃতীয় রাউন্ডে ওঠার লড়াইয়ে রোমান ৬-২ সেট পয়েন্টে নেদারল্যান্ডসের ভেইলার স্টিভকে হারান। জাপানের ওহি কাজুকিকে ৬-২ সেট পয়েন্টে হারান রুবেল।
এই ইভেন্টের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপ থেকেই ছিটকে গেছেন বাংলাদেশের অপর দুই প্রতিযোগী ইমদাদুল হক মিলন ও তামিমুল ইসলাম।
রিকার্ভ পুরুষ দলগত বিভাগে বেলজিয়ামকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে সেরা ষোলোয় উঠেছে রোমান-রুবেল-তামিমুলে গড়া বাংলাদেশ দল। এই ইভেন্টের দলগত মিশ্রতে বিউটি-রোমান জুটি অস্ট্রেলিয়াকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে।
কম্পাউন্ডে হতাশ করেছেন বাংলাদেশের আর্চাররা। পুরুষ এককের এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপেই ছিটকে গেছেন অসীম কুমার দাস। মেয়েদের এককেও প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন সুস্মিতা বণিক।
