ভুল থেকে শিখবেন নেইমার, আশা আলভেসের
ফরাসি কাপের ফাইনালে রেনের কাছে হারের পর সমর্থকের সঙ্গে বাজে ব্যবহার করাটা নেইমারের উচিত হয়নি বলে মনে করেন তার স্বদেশি ও ক্লাব সতীর্থ দানি আলভেস। এই ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে পিএসজি তারকা এমন আর কিছু করবেন না বলে প্রত্যাশা তার।
শনিবার প্যারিসে ফাইনালে টাইব্রেকারে ৬-৫ গোলে হারে পিএসজি। ম্যাচের পর নিজেদের পদক নেওয়ার জন্য যাচ্ছিলেন পিএসজির খেলোয়াড়েরা। তখন মোবাইলে ভিডিও করতে থাকা এক দর্শকের সঙ্গে বাজে আচরণ করেন নেইমার। হাত দিয়ে মোবাইল ফোন নামিয়ে দেওয়া ছাড়াও মুখে হালকা ঘুষি মারেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। নেইমারের আচরণকে তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই দেখছেন আলভেস।
“আমি মনে করি, বড় একটা হারের পর এ ঘটনা ঘটেছিল তাই এটা খুব ছোট কিন্তু গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত।”
“এটা ছিল ভুল জায়গায় করা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া। এমনটা করা উচিত হয়নি। কিন্তু মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে এটা তার জন্য একটা শিক্ষা হিসেবে কাজ করবে।”
“নেইমার একজন ব্যতিক্রমী তরুণ। কিন্তু কখনও কখনও সেও তার মেজাজ হারায়। আমাদের বন্ধুত্ব থাকার পরেও আমি তার আচরণকে সমর্থন করছি না। কিন্তু আমি মনে করি, সে ভুলটা বুঝেছে এবং এমনটা ভবিষ্যতে আর ঘটবে না।”
এই ঘটনায় নেইমারের সমালোচনা করেছেন পিএসজির কোচ টমাস টুখেল। খেলোয়াড়দের এমন আচরণ অনাকাঙ্খিত বলে মন্তব্য করেন তিনি। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে হারের কারণেই মেজাজ হারিয়েছিলেন বলে জানান ২৭ বছর বয়সী নেইমার।
সংবাদ মাধ্যমে খবর, এই অভিযোগে নেইমারকে ফ্রান্সের ঘরোয়া ফুটবলে সর্বোচ্চ আট ম্যাচের জন্য নিষিদ্ধ করতে পারে ফ্রেঞ্চ ফুটবল কর্তৃপক্ষ। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির মধ্যে শেষ ষোলোর ফিরতি পর্বের ম্যাচে রেফারির একটি সিদ্ধান্ত নিয়ে বাজে মন্তব্য করায় গত শুক্রবার নেইমারকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় তিন ম্যাচ নিষিদ্ধ করে উয়েফা।
