আত্মঘাতী গোলে আবাহনীর হার
এএফসি কাপে নিজেদের অজেয় যাত্রা ধরে রাখতে পারেনি আবাহনী লিমিটেড। আত্মঘাতী গোলে ভারতের দল চেন্নাইন এফসির কাছে হেরেছে বাংলাদেশের চ্যাম্পিয়নরা।
আহমেদাবাদে মঙ্গলবার রাতে ‘ই’ গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে ১-০ গোলে হারে আবাহনী। এবারের প্রতিযোগিতায় এই প্রথম হারের স্বাদ পেল দলটি।
নেপালের মানাং মার্সিয়াংদিকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করা বাংলাদেশের চ্যাম্পিয়নরা দ্বিতীয় ম্যাচে ভারতের আরেক দল মিনেরভা পাঞ্জাবের সঙ্গে ২-২ ড্র করেছিল। নিজেদের চতুর্থ ম্যাচে আগামী ১৫ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চেন্নাইনের মুখোমুখি হবে আবাহনী।
দ্বিতীয় মিনিটেই আবাহনীর হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্টের হেড লক্ষ্যভ্রষ্ট হয়। তিন মিনিট পর নাবীব নেওয়া জীবনের শটও খুঁজে পায়নি ঠিকানা।
গোলশূন্য প্রথমার্ধে রুবেল মিয়া, মোহাম্মদ ফাহাদ লক্ষ্যভ্রষ্ট শটে আবাহনীকে হতাশ করেন। দ্বিতীয়ার্ধের শুরুতে বেলফোর্টের হেডও খুঁজে পায়নি জাল।
৭৯তম মিনিটে সতীর্থের লম্বা করে বাড়ানো বল অনিরুদ্ধ থাপা মাথা দিয়ে নামিয়ে নেওয়ার পর গায়ের সঙ্গে সেঁটে থাকা রায়হান হাসানকে বোকা বানিয়ে শট নেন। শেষ মুহূর্তে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ওয়েলিংতন সিরিনো প্রিওরি বিপদমুক্ত করতে গেলে বল তার পায়ে লেগে জালে জড়ায়।
ভিসা জটিলতা কাটিয়ে শেষ মুহূর্তে আবাহনীর সঙ্গে যোগ দিয়েছিলেন সানডে চিজোবা। চেন্নাইনের বিপক্ষে খেলতে নামলেও নাইজেরিয়ার এই ফরোয়ার্ড ছিলেন নিজের ছায়া হয়ে। ৮৬তম মিনিটে ফ্রি কিক কাজে লাগাতে পারেননি লিগে আট গোল করা এই ফরোয়ার্ড।
তিন ম্যাচে একটি করে জয়, ড্র ও হারে ৪ পয়েন্ট আবাহনীর। দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট চেন্নাইনের।
