২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ফিলিপিন্স কোচ

বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড শুরু করেছে ফিলিপিন্স। তবে হারের হতাশা থাকলেও দলটির কোচ বাংলাদেশের প্রশংসা করতে ভোলেননি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 04:54 PM

মিয়ানমারের মানডালার থিরি স্টেডিয়ামে বুধবার ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচ ১০-০ গোলে বাংলাদেশের কাছে হারে ফিলিপিন্স।

বাংলাদেশের জয়ে তহুরা খাতুন ৪টি, আনুচিং মোগিনি ২টি গোল করেন। একটি করে গোল করেন শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্ডা ও শামসুন্নাহার জুনিয়র। অন্য গোলটি আত্মঘাতী।

ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় বাংলাদেশের গতির প্রশংসা করেন ফিলিপিন্স কোচ ম্যানেইল্লা রেনিতে, “বাংলাদেশ খুবই গতিময় দল। তাদের মনিকা চাকমা, মারিয়া মান্ডা এবং গোলরক্ষক রুপনা চাকমা খুবই মেধাবী খেলোয়াড়।”

“তারা পুরোটা ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং আমাদের ওপর আধিপত্য করেছে। তাদের রক্ষণেও ভালো খেলোয়াড় আছে। আমরা এই টুর্নামেন্টের আগে দুই সপ্তাহ অনুশীলন করেছিলাম এবং আমাদের দলটা বাংলাদেশের মতো জমাট নয়। বাংলাদেশ মূল পর্বে যাওয়ার যোগ্যতা রাখে।”

বড় জয়ে শুরু পাওয়ায় দারুণ খুশি বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোট এখন পুরো মনোযোগ দিতে চান মিয়ানমার ম্যাচের দিকে। আগামী শুক্রবার নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে দল।

“যেভাবে মেয়েরা খেলেছে, আমি খুবই খুশি। পুরো ম্যাচ মেয়েরা ইতিবাচক মনোভাব নিয়ে খেলেছে এবং শুরু থেকে কঠোর পরিশ্রম করেছে। শুরুতে গোল পাওয়ায় এবং বড় ব্যবধানে দল জেতায় আমি খুশি।”

“আমাদের লক্ষ্য মূল পর্বে খেলা। পরের ম্যাচ স্বাগতিক মিয়ানমারের বিপক্ষে। এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ম্যাচ।”