লিগে ফের হারল আর্সেনাল
ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও হেরেছে আর্সেনাল। ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়া উনাই এমেরির দল সমতাসূচক গোলের দেখা আর পায়নি।
ঘরের মাঠে শনিবার স্থানীয় সময় দুপুরে ১-০ গোলে জেতে ওয়েস্ট হ্যাম।
লিগে এই নিয়ে শেষ ছয় ম্যাচে তিনটিতে হারলো আর্সেনাল। লিভারপুলের কাছে ৫-১ গোলে হেরে ২০১৮ শেষ করা দলটি নতুন বছরের প্রথম দিনে ফুলহ্যামকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল। গত সপ্তাহে এফএ কাপে ব্ল্যাকপুলের মাঠে জিতেছিল এমেরির দল।
গোলশূন্য প্রথমার্ধে দুদলের কেউই তেমন নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতির পরপরই আর্সেনালকে থমকে দিয়ে এগিয়ে যায় পয়েন্ট তালিকায় ১০ নম্বরে থেকে খেলতে নামা দলটি। ডি-বক্সে সতীর্থের ছোট করে বাড়ানো বল জোরালো শটে কাছের পোস্ট দিয়ে ঠিকানায় পাঠান আয়ারল্যান্ডের মিডফিল্ডার ডেকলান রাইস।
২২ ম্যাচে ১২ জয় ও পাঁচ ড্রয়ে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে আর্সেনাল। ৩ পয়েন্ট কম নিয়ে ষষ্ঠ স্থানে আছে এক ম্যাচ কম খেলা ম্যানচেস্টার ইউনাইটেড।
