ম্যান সিটির খেলার ধরন বদলাতে রাজি নন গুয়ার্দিওলা
চলতি মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের শেষ দুই ম্যাচে টানা হারের জন্য দলের খেলার আক্রমণাত্মক কৌশল বদলাতে চান না ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলা।
রোববার বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে সাউথ্যাম্পটনের বিপক্ষে লিগে নিজেদের পরের ম্যাচে মাঠে নামবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা। আগের দুই ম্যাচে ক্রিস্টাল প্যালেস ও লেস্টার সিটির কাছে হারে সিটি। তবে টানা দুই হারে বিচলিত হতে রাজি নন গুয়ার্দিওলা।
“আমরা খেলার ধরন বদলাব না। ক্লাবে আমার প্রথম বছরগুলোতে এটা ঘটেনি। আর এটা ঘটবেও না।”
“কেন আমার বদলানো উচিত? আমি দুটি ম্যাচ হারলাম তাই? কোনো সুযোগ নেই। সেটা ঘটবে না।”
গত মৌসুমে লিগের শিরোপা জেতার পাশাপাশি ১০০ পয়েন্ট অর্জনের রেকর্ড গড়ে সিটি। পুরো মৌসুম জুড়ে মাত্র ১৪ পয়েন্ট হারানো সিটি গোল করে ১০৬টি, ম্যাচ জিতে ৩২টি। দুটিই প্রিমিয়ার লিগের রেকর্ড। এ বছর প্রথম অর্ধেই গত মৌসুমের চেয়ে একটি ম্যাচ বেশি হেরেছে সিটি। দলের সমস্যা খুঁজে বের করে সমাধান করতে চান গুয়ার্দিওলা।
“গত মৌসুমে, আমি জানতাম যে, যখন আমরা হারব তখন এটা ঠিক কৌশল কিনা তা নিয়ে আমাদের আবারও সন্দেহ হবে।”
“যখন এটা ঘটে, আমি কিছুটা কষ্ট পাই এবং ১০-১৫ মিনিট হতাশায় থাকি। হতাশা কাটিয়ে ওঠার পর আমরা কেন হারলাম তা খুঁজে বের করি।”
লিগে শেষ চার ম্যাচে তিন হারের স্বাদ পাওয়া গুয়ার্দিওলার দল ৪৪ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। শনিবার আর্সেনালকে ৫-১ গোলে হারানো লিভারপুল ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে শেষ করেছে বছর।
